২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাম্পিং-এর জায়গার অভাবে থমকে আছে পুরোনো যানবাহন আটক অভিযান

ডাম্পিং-এর জন্য জায়গার অভাবে থমকে আছে যানজট নিরসনে ফিটনেসবিহীন, অবৈধ ও ২০ বছরের পুরোনো যানবাহন আটক অভিযান। বিষয়টি স্বীকার করে যানজটের কারণ অনুসন্ধান ও তা নিরসনে করণীয় নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক শফিক আলম মেহেদী বলেছেন, "ডাম্পিং-এর জায়গার অভাব এ কার্যক্রমকে ব্যাহত করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 05:57 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

মহসিনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাম্পিং-এর জন্য জায়গার অভাবে থমকে আছে যানজট নিরসনে ফিটনেসবিহীন, অবৈধ ও ২০ বছরের পুরোনো যানবাহন আটক অভিযান। বিষয়টি স্বীকার করে যানজটের কারণ অনুসন্ধান ও তা নিরসনে করণীয় নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক শফিক আলম মেহেদী বলেছেন, "ডাম্পিং-এর জায়গার অভাব এ কার্যক্রমকে ব্যাহত করছে। "জায়গা না থাকায় এসব গাড়ি রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে ভ্রাম্যমাণ আদালতগুলোও এসব গাড়ি আটক করতে পারছে না।" তিনি আরও বলেন, "এছাড়া সমন্বয়হীনতা ও সম্পদের অভাবে আমরা এসব কাজ সময়মতো করতে পারিনা। ফলে মহানগরী এলাকায় যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না।" যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের অতিরিক্ত সচিব মেহেদী জানান, ঢাকা মহানগরীতে বর্তমানে অনেক ২০ বছরের বেশি পুরোনো গাড়ি রয়েছে। প্রচলিত আইন অনুযায়ী, এসব যানবাহন উচ্ছেদ বা আটক করতে অভিযান চলছে। ২০ বছরের বেশি পুরোনো গাড়ির সংখ্যা জানতে চাইলে মেহেদী বলেন, "এ মুহূর্তে এ সংখ্যা বলা কঠিন। তবে কোনভাবেই এ সংখ্যা অর্ধলাখের নিচে হবে না। পর্যায়ক্রমে সরকার এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।" ওদিকে গত ২৩ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে ভ্রাম্যমান আদালত ১০ দিনে মাত্র ২৩টি পুরোনো গাড়ী আটক করেছে। এ সময়ে ৬৯৯টি মামলা করে সাত লাখ ৮৩ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মহানগরীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা জেলা প্রশাসন আলাদাভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। দু'টি কর্তৃপক্ষের ১৫টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে। এ আদালতের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/০০০৬