ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি লন্ডনে চিকিৎসাধীন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের জামিনে মুক্তি দিবস পালনের প্রাক্কালে তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং-এ একই সঙ্গে চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা ও হয়রানিমূলক' মামলাগুলোও প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ সময় তারেকের মুক্তি দিবসের ঘোষিত কর্মসূচি সফল করার আহবান জানিয়ে দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, " তিনি (তারেক) এখন জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। আমরা তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে পরিপূর্ণ মুক্তি দাবি করছি।''
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব পদেই আছেন। অসুস্থতার কারণে কেবল তিনি দলীয় কর্মকান্ড থেকে বিরত রয়েছেন।
"তিনি সুস্থ হয়ে দেশে ফিরলে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে দেশ ও জনগনের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবেন-এটা আমরা আশা করি।''
গয়েশ্বর আরও বলেন, "তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে যেভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল, তা দেশ ও বিশ্বের মানুষ দেখেছেন, জেনেছেন।
তারেকের প্রথম কারামুক্তি দিবস পালনে বিএনপি ও ছাত্রদল ৩ সেপ্টেম্বর দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে, বৃহস্পতিবার সকাল ১০ টায় শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ, বেলা ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ছাত্রদলের আয়োজনে শোভাযাত্রা এবং দুপুর একটায় মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা।
২০০৭ সালের ৭ মার্চ তারেককে জরুরী বিধিমালায় গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার অবস্থায় নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে এক বছরের বেশি সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে বন্দি ছিলেন।
২০০৮ সালের ৩ সেপ্টেম্বর উচ্চতর আদালতের আদেশে জামিনে মুক্তি পেয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডন যান।
প্রেস ব্রিফিং-এ তারেকের বর্তমান অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, "তার চিকিৎসার বিষয়টি পরিবার দেখছে। তবে যতটুকু আমরা জানি, তারেক রহমানের শারীরিক ফিটনেস থাকার কথা ছিল তা তিনি ফিরে পেয়েছেন। এখন অস্ত্রোপচারের মাধ্যমে মূল চিকিৎসা শুরু প্রক্রিয়ার মধ্যে আছে।''
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, কাজী আসাদুজ্জামান, সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন, যুব দলের নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু, বেলাল আহমেদ, তাইফুল ইসলাম টিপু, ছাত্র দলের সাবেক নেতা শামসুজ্জামান মেহেদী প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৭০৬ ঘ.
bdnews24