ছাড়া পেলেন হাজারী; বললেন মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে
আওয়ামী লীগের সাবেক সাংসদ ও বহু ঘটনায় বিতর্কিত জয়নাল আবেদীন হাজারী বুধবার কারাগার থেকে ছাড়া পেয়েছেন।
মুক্তির পর সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কথা বলেছেন তিনি। যদিও তার বিরুদ্ধেই সন্ত্রাসের বহু অভিযোগ রয়েছে।
ফেনীর এ সাবেক সাংসদ গত ২৭ আগস্ট অস্ত্র ও গোলাবারুদের একটি মামলায় খালাস পান।
সেদিনই তার আইনজীবী জানান, হাজারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মোট ২৩টি মামলার মধ্যে ১১টি মামলায় তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন। ১২টিতে তিনি জামিনে রয়েছেন। সর্বশেষ ওই মামলায় খালাস পাওয়ায় তার কারামুক্তিতে আর বাধা নেই।
দুপুরের কিছু সময় আগে ফেনী কারাগার থেকে ছাড়া পান হাজারী। এরপর তিনি ফেনী জেলা শহরের রাজজীর দীঘির পাড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে যান। সেখানে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
এরপর হাজারী কলেজ রোডে এক সমাবেশে বক্তব্য রাখেন।
তার মুক্তি ঘিরে বিভিন্ন মহল থেকে আতঙ্ক ছড়ানো হচ্ছে অভিযোগ করে হাজারী বলেন, "আমি কারাগারে যাওয়ার পর অনেকে বলেছিল, সাত বছরেও বের হতে পারব না। কিন্তু আমি চার মাসের মাথায় বেরিয়েছি। চক্রান্তকারীরা আমাকে নিয়ে নেত্রীকে (শেখ হাসিনা) বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছিল।
"চক্রান্ত এখনও চলছে। গতরাতে পরিকল্পনা হয়েছিল, আমার মুক্তির পর ৫০০ বোমা ফাটানো হবে। কিন্তু পুলিশ প্রশাসন তৎপর থাকায় তা হয়নি। কেউ কেউ আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। আপনারা সাবধান থাকবেন।"
সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশকে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে হাজারী বলেন, "সন্ত্রাসীরা যেন থানায় বসে গল্প করতে না পারে, আসামিকে ছাড়িয়ে নিতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন।"
দলীয় নেতা-কর্মীদের সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে হাজারী বলেন, "চাঁদাবাজি করলে দল থেকে বহিষ্কার হয়ে যাবেন। কাজেই সাবধান থাকবেন। মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। যেখানেই মাদক দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।"
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তখনকার সাংসদ জয়নাল হাজারী ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরই ওই বছরের ১৬ই আগস্ট রাতে দেশ ছাড়েন।
তার কর্মকাণ্ডের কারণে বিগত আওয়ামী লীগ সরকারকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিলো।
দীর্ঘ আট বছর দেশের বাইরে থাকার পর বর্তমান সরকারের আমলে তিনি দেশে ফেরেন।
হাজারী বলেন, "বিদেশে অনেক শান-শওকতে ছিলাম। বিলাসবহুল ফ্ল্যাট ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল। কিন্তু দেশের জন্য মন কাঁদত। তাই দেশে ফেরা।"
"আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। এখন শুধু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মান নিয়ে মরতে চাই", বলেন তিনি।
হাজারীর কারামুক্তি উপলক্ষে ফেনীর বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী কারা ফটকে সমবেত হয়। ওই সময় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেল রোড ও কলেজ রোডে গাড়ি চলাচল ছিল বন্ধ। শহরে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
হাজারীর সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, সহসভাপতি কোব্বাত আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।
সমাবেশে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজারীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন রহমান।
দুপুরের পর মাস্টার পাড়ার বাড়িতে যান হাজারী। এর আগে বাড়ি সংলগ্ন মুজিব উদ্যানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
