ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের অতিরিক্ত সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) খুরশীদ আলম মঙ্গলবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন।
মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে এখবর জানানো হয়।
এতে বলা হয়, খুরশীদ আলমের বয়স হয়েছিল ৫৩ বছর। কর্মজীবনে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের '৮২ ব্যাচের একজন দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সুখ্যাতি অর্জন করেন।
তিনি লেখক হিসেবেও সুখ্যাতি অর্জন করেন। ২০০৮ সাল পর্যন্ততার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ১৯৮৭ সালে প্রকাশিত গল্পগুচ্ছ 'শ্বেতকপোতের ডানা' দিয়ে তার প্রকাশনা শুরু।
এছাড়া তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- দিগম্বরী প্রেম নেই (গল্পগ্রন্থ), কোথাও যাবো না ফিরে (উপন্যাস), পরিবেশ, সমাজ ও সামাজিক বিকাশ (প্রবন্ধ গ্রন্থ), উনসত্তরের কৈশোর (কিশোর উপন্যাস), প্রদীপ শিখায় অভিযান (কিশোর গল্পগ্রন্থ)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫৮ ঘ.
bdnews24