২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধার পাশাপাশি এবার দরপত্র উধাও

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একটি দরপত্রে অনিয়মের অভিযোগ করেছে দেশের দুই শীর্ষ আসবাব প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ১ কোটি ১০ লাখ টাকার আসবাবপত্র সরবরাহের এই দরপত্রে নাভানা ফার্নিচারকে অংশ নিতে বাধা দেওয়া হয় বলে প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে। আর উধাও হয়েছে গেছে অটবি ফার্নিচারের দরপত্রটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

লিটন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একটি দরপত্রে অনিয়মের অভিযোগ করেছে দেশের দুই শীর্ষ আসবাব প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ১ কোটি ১০ লাখ টাকার আসবাবপত্র সরবরাহের এই দরপত্রে নাভানা ফার্নিচারকে অংশ নিতে বাধা দেওয়া হয় বলে প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে। আর উধাও হয়েছে গেছে অটবি ফার্নিচারের দরপত্রটি। দুটি ঘটনায়ই অভিযোগের তীর ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দিকে। একদিন আগেই শেখ হাসিনা টেণ্ডার ও চাঁদাবাজিতে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে খেদ প্রকাশ করেন। মঙ্গলবার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দরপত্র জমা দেওয়ার শেষ দিনে ঘটে বাধা ও উধাও হওয়ার ঘটনা। কয়েকদিন আগে এ দরপত্র ডাকা হয়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. মো. রেজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দরপত্রে অংশ নিতে পাঁচটি প্রতিষ্ঠান শিডিউল কেনে। মঙ্গলবার শেষ দিনে জমা পড়ে তিনটি। এগুলো হচ্ছে পারটেক্স ফার্নিচার, ঝলক এন্টারপ্রাইজ এবং বাবেল কর্পোরেশন। অটবি এবং আফতাব আটোমোবাইল লিমিটেডের আসবাব ইউনিট নাভানা ফার্নিচার শিডিউল কিনেছিল, কিন্তু বাক্স খোলার পর তাদের দরপত্র পাওয়া যায়নি বলে রেজানুর জানান। তিনি বলেন, "নিয়মানুযায়ী নির্দিষ্ট সময়ে টেন্ডার কমিটি এবং দরপত্রে অংশগ্রহণকারীদের সামনেই বাক্স খোলা হয়েছে।" অটবির জুনিয়র নির্বাহী কর্মকর্তা চন্দন কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে তারা দরপত্র আবেদন ফেলতে আসেন। কিন্তু প্যাকেট বড় হওয়ায় তা ঢুকছিল না। পরে হিসাব রক্ষক রেজাউল করিম তালা খুলে দিলে দরপত্রের প্যাকেটটি বক্সে ঢোকানো হয়। তিনি বলেন, "এ ভবনে সকাল থেকেই বেশ কিছু ছেলেকে মহড়া দিতে দেখেছি। বাক্সে ফেলার প্রায় একঘণ্টা পর ওই ছেলেদের একজনকে আমাদের দরপত্রের প্যাকেটের মতো একটি প্যাকেট নিয়ে ঘুরতে দেখেছি।" হিসাব রক্ষক রেজাউল করিমও তালা খুলে অটবির দরপত্র ঢোকানোর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তবে এ বিষয়ে আর কোনও কথা বলতে তিনি রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ভবনের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছেন, দোতলায় প্রকল্প পরিচালকের কক্ষের সামনে দরপত্রের বক্সটি রাখা হলেও কিছু সময়ের জন্য তা 'উধাও' হয়ে গিয়েছিল। প্রায় ১৫/২০ মিনিট পর বক্সটি আবার ফেরত আসে। ওই সময়ে অটবির দরপত্রটি উধাও হয় কিনা- জানতে চাওয়া হলে হিসাব রক্ষক রেজাউল বলেন, "আমি এ বিষয়ে কিছু জানি না।" প্রকল্প পরিচালক রেজানুর রহমানও বলেন, তিনি এ ধরনের ঘটনার কথা জানেন না। অটবির সিনিয়র নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল আজম বলেন, "বাক্স খোলার পর অন্য দরপত্র পাওয়া গেলেও আমাদের দরপত্র পাওয়া না যাওয়াটা রহস্যজনক।" এ বিষয়ে আব্দুল্লাহ আল আজম প্রকল্প পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রকল্প পরিচালক জানিয়েছেন, অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে। নাভানা ফার্নিচারের পক্ষে দরপত্র জমা দিতে এসেছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী কর্মকর্তা পারভেজ হাসান। তবে ছাত্রলীগ বলে পরিচয় দেওয়া কয়েকজনের বাধায় তিনি জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্দিষ্ট সময়ে আমি দরপত্র জমা দিতে এলেও কয়েকজন যুবক দরপত্র জমা দিতে বাধা দেয়। এদের মধ্যে একজন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল বলে পরিচয় দেয়।" পারভেজ জানান, বেশ কিছুক্ষণ চেষ্টা করেও বাধার কারণে তিনি দরপত্র জমা না দিয়েই ফিরে আসেন। বিষয়টি তিনিও প্রকল্প পরিচালককে জানিয়েছেন বলে জানান। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্নস্থানে টেন্ডার ও চাঁদাবাজির যেসব ঘটনা ঘটছে তার একটা বড় অংশেই আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের- মূলত যুবলীগ ও ছাত্রলীগ- সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। দরপত্র নিয়ে কয়েকস্থানে সংঘর্ষের খবরও সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় বলেন, "যখন পত্রিকায় দখলদারি ও টেন্ডারবাজির সঙ্গে ছাত্রলীগের নাম দেখেছি, তখন খারাপ লেগেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/এসকে/১৯৫৩ঘ.