২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সোয়াইন ফ্লু'র রোগী সনাক্ত

সিলেটে এই প্রথম সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। সোমবার রাতে সিলেটের একটি বেসরকারি মেডিকের কলেজ হাসাপাতালের এক চিকিৎসক সোয়াইন ফ্লু আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির নাম মো. ইদ্রিস আলী (৩০)। তিনি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ইমার্জেন্সি মেডিকেল অফিসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

সিলেট, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে এই প্রথম সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। সোমবার রাতে সিলেটের একটি বেসরকারি মেডিকের কলেজ হাসাপাতালের এক চিকিৎসক সোয়াইন ফ্লু আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির নাম মো. ইদ্রিস আলী (৩০)। তিনি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ইমার্জেন্সি মেডিকেল অফিসার। তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মেডিকেল কলেজটির অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাজমুল ইসলাম। তিনি বলেন, "মহাখালীর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার পর সোমবার রাতে তার রোগ নির্ণয় করা হয়। তাকে বাসায় রেখে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।" মঙ্গলবার পর্যন্ত দেশে ২৪৭ জন সোয়াইন ফ্ল'ুতে আক্রান্ত হয়েছে। এদের ৯০ ভাগই সেরে উঠেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রহুল হক। সিলেটে এ পর্যন্ত ডা. ইদ্রিস আলী ছাড়া আর কেউ সোয়াইন ফ্লু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। সিলেটের সিভিল সার্জন ডা. ফয়েজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিলেটে যাতে ব্যাপক আকারে সোয়াইন ফ্লু ছড়িয়ে না পড়ে সেজন্য সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।" তিনি এ ব্যাপারে জনসাধারণকে ব্যক্তিগতভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ ইশতেশামুল হক দুলাল জানান, সিলেটে সোয়াইন ফ্লু'র চিকিৎসা দিতে এই হাসাপাতালে প্রায় একশ' রোগীর রাখার মত চারটি কেবিন এবং শহীদ সামসুদ্দীন হাসপাতালে একটি ওয়ার্ড বরাদ্দ করা হয়েছে। তিনি জানান, এ রোগ প্রতিরোধে ১৫ সদস্য বিশিষ্ট একটি চিকিৎসা ও প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী আবু তাহের মোহাম্মদ ইব্রাহিমকে। কমিটি গত দু মাস ধরে হাসপাতালের বহির্বিভাগ এবং ভর্তি হওয়া রোগীদের পর্যবেক্ষণ করছে। সোয়াইন ফ্লু মোকাবেলায় হাসপাতালে পর্যাপ্ত ওষুধও মজুদ রয়েছে বলে ডা. ইশতেশামুল হক জানান। তিনি জানান, সোয়াইন ফ্লু প্রতিরোধে ওসমানী বিমান বন্দরে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটে আসা যাত্রীদের বিমান বন্দরে পরীক্ষা করা হচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছেন ওসমানী মেডিকেল কলেজের তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১০ ঘ.