ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে সোয়াইন ফ্লুতে কেউ আক্রান্ত হয়েছেন, এমন সন্দেহে হলে পরীক্ষার জন্য অপেক্ষা না করে তাকে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
মঙ্গলবার পর্যন্ত সোয়াইন ফ্লু আক্রান্ত মোট ২৪৭ জনের সন্ধান পাওয়া গেছে জানিয়ে তিনি বলেছেন, পরিস্থিতি এখনও আতঙ্কজনক পর্যায়ে পৌঁছায়নি।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেশে সোয়াইন ফ্লু পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।
বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, এখন থেকে সোয়াইন ফ্লু আক্রান্ত সন্দেহ হলেই রোগীদের নমুনা পরীক্ষার জন্য বসে না থেকে তার চিকিৎসা দেওয়া হবে।
রুহুল হক বলেন, "স্বাস্থ্য কেন্দ্রে সবাইকে পরীক্ষা করে চিকিৎসা দেওয়ার মতো পরিস্থিতি নেই। শুধু ঝুঁকিপূর্ণ রোগী মনে হলে তাদের চিকিৎসা সেবা দেওয়া হবে।"
তিনি জানান, এখন পর্যন্ত দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত ২৪৭ জনকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশই সেরে উঠছে।
বাংলাদেশে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা খুব কম জানিয়ে মন্ত্রী বলেন, "আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনও হয়নি, তবে সতর্কতা অবলম্বন করতে হবে।"
প্রাণঘাতী এ রোগটি গত এপ্রিলে মেক্সিকোয় প্রথম ধরা পড়লেও বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয় গত জুন মাসে। গত রোববার দেশে এ রোগে প্রথম কারও মৃত্যু হয়।
ল্যাব এইড হাসপাতালে মারা যাওয়া মিতা চক্রবর্তী যথাযথ চিকিৎসা পাননি জানিয়ে রুহুল হক বলেন, উল্টো চিকিৎসা দেওয়ায় তার মৃত্যু হয়েছে।
তিনি জানান, সোয়াইন ফ্লু নিয়ে গণসচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে এবং পাঁচ হাজার চিকিৎসককে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসক এবং ঢাকার চিকিৎসা কেন্দ্রগুলোতে রোগীদের যথাযথ পরামর্শ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ডা. রুহুল বলেন, "জ্বর না থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা কম। হাঁচি, কাশি ও শ্বাসকষ্টের সঙ্গে জ্বর থাকলেই রোগীকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া গর্ভবতী নারী এবং ডায়াবেটিস, ক্যান্সার, অ্যাজমা রোগীদের এ উপসর্গ দেখা দিলে ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে চিকিৎসা দিতে হবে।"
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো কোনও ধরনের পরিস্থিতি এখনও হয়নি। এ ধরনের নিদের্শনাও কোনও প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি।"
সোয়াইন ফ্লু আতঙ্কে সপ্তাহ খানেক আগেই রাজধানীর দুটি ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকাল ছুটি ঘোষণা করা হয়।
কোনও শিক্ষা প্রতিষ্ঠানে কোনও শিশুর এ রোগের উপসর্গ দেখা দিলে কাছের স্বাস্থ্য কেন্দ্র অথবা শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।
সোয়াইন ফ্লু'র ক্ষেত্রে বাংলাদেশ বিপদসীমার দ্বিতীয় পর্যায় (কান্ট্রি লেভেল-২) অতিক্রম করেছে জানিয়ে বিশেষজ্ঞরা ইতোমধ্যে বলেছেন, মহামারী পর্যায়ে না পৌঁছালেও এটা তার আগের অবস্থান।
গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশ্বে এ পর্যন্ত এ রোগে ২ হাজার ১৮৫ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা ২০ লাখের বেশি।
উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগের ভাইরাস ছড়ায়। এ রোগ এড়াতে যত্রতত্র কফ, থুথু না ফেলা ও বিশেষ করে হাঁচি-কাশির পর সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/আরএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24