পাবনা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া ভদ্রপাড়া এলাকা থেকে সোমবার সকালে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বারু মিয়া (২৫) চৌবাড়িয়া ভদ্রপাড়া গ্রামের প্রয়াত ছাইফুল ইসলামের ছেলে। গত ২৪ আগস্ট তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
বারু মিয়া নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সোর্স হিসেবে কাজ করতেন বলে পুলিশ দাবি করেছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনীন্দ্রনাথ শীল জানান, বারু মিয়া দিনে ভ্যান চালাতেন এবং রাতে নিষিদ্ধ দলের হয়ে কাজ করতেন। তার সঙ্গে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকার) যোগাযোগ ছিল। তিনি ওই সংগঠনের সোর্স হিসেবে কাজ করতেন।
পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24