২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ও জেলা সদরের জমির দাম বাড়লো

আগামী তিন বছরের জন্য সারা দেশে সব সিটি করপোরেশন এলাকা ও জেলা সদরের জমির দাম আড়াই থেকে চার গুণ পর্যন্ত বাড়িয়েছে সরকার। সোমবার দুপুরে আইনমন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 11:23 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী তিন বছরের জন্য সারা দেশে সব সিটি করপোরেশন এলাকা ও জেলা সদরের জমির দাম আড়াই থেকে চার গুণ পর্যন্ত বাড়িয়েছে সরকার। সোমবার দুপুরে আইনমন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি একই সঙ্গে জানান, জমির দাম বাড়ানো হলেও সব এলাকার রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প ফি ও স্থানীয় সরকার কর কমানো হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে জমির নতুন মূল্য কার্যকর হবে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। আইনমন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার জমির বাজার মূল্য চার গুণ বাড়ানো হয়েছে। অন্যদিকে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এলাকার জন্য এই বৃদ্ধির হার তিন গুণ। জেলা সদরের পৌর এলাকা জমির বাজার মূল্য আড়াই গুণ বাড়ানো হয়েছে বলে জানান তিনি। আইনমন্ত্রী বলেন, "জেলা শহরগুলোর মধ্যে বগুড়া, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকার জমির দাম তিন গুণ বাড়ানো হয়েছে। জেলা সদরের বাইরে টঙ্গী, সাভার ও কেরানিগঞ্জ পৌর এলাকার জমির দামও তিন গুণ বাড়ানো হয়েছে। মন্ত্রী বলেন, "উপজেলা বা মফস্বল এলাকায় জমির দাম বাড়ানো হয়নি। বরং রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প ফি ও স্থানীয় সরকারের কর কমানো হয়েছে।" তিনি জানান, এ ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি আড়াই শতাংশের জায়গায় দ্ইু শতাংশ, স্ট্যাম্প ফি পাঁচ শতাংশের জায়গায় তিন শতাংশ এবং স্থানীয় সরকার কর দুই শতাংশের জায়গায় এক শতাংশ করা হয়েছে। শফিক আরও জানান, জেলা সদরের পৌর এলাকায় রেজিস্ট্রেশন ফি আড়াই শতাংশ থেকে কমিয়ে দুই, স্ট্যাম্প ফি পাঁচ শতাংশের জায়গায় তিন, স্থানীয় সরকার কর দুই শতাংশের বদলে এক এবং উৎসে আয়কর পাঁচ শতাংশের স্থানে দুই শতাংশ করা হয়েছে। একইভাবে দেশের সিটি করপোরেশন এলাকার জন্য এসব ফি ও কর একই হারে কমানো হয়েছে বলে জানান তিনি। জমির ফি ও কর কমানো হলেও প্রকৃতপক্ষে দাম বাড়ানোয় এসব কর বেড়ে যাবে কি না- এমন প্রশ্নের জবাবে শফিক বলেন, "না এসব ফি'র পরিমাণ বাড়বে না।" রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ অন্যান্য সিটি করপোরেশনের জমির ক্ষেত্রে এ দাম প্রযোজ্য হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, "এসব ক্ষেত্রে তারা নিজেরাই দাম নির্ধারণ করতে পারবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/এসএইচ/১৭৩৯ ঘ.