২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যমূল্য স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখুন: রাষ্ট্রপতি

ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। রোববার বঙ্গভবনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি এফবিসিসিআই নেতাদের নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল এবং দ্রব্যমূল্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, "এখন পবিত্র মাহে রমজান চলছে। এসময় তেল, চিনি, ছোলা, পিঁয়াজসহ কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। এসব দ্রব্যের মূল্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আপনাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।" দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, "রপ্তানির বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখাসহ আন্তর্জাতিক বাজার প্রসারে আমাদের নানামুখী উদ্যোগ নিতে হবে। এলক্ষ্যে দেশজ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বাড়ানো, কমপ্লায়েন্স বিষয়গুলো প্রতিপালন, পণ্যের গুণগতমান উন্নয়ন এবং পণ্য ও এর বাজার বহুমুখীকরণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।" পাশাপাশি নতুন শিল্পস্থাপনের মাধ্যমে শ্রমশক্তিকে পুরোপুরি কাজে লাগানোর বিষয়েও গুরুত্বারোপ করেন জিল্লুর রহমান। তিনি বলেন, "আমি আশা করি দেশের শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী সমাজ বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় অধিকতর আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এইচএ/২১০০ ঘ.