২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বোমা হামলা মামলায় মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদ করা হবে

নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার মামলায় হরকাতুল জিহাদ আল ইসলামী'র (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নানকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

নারায়ণগঞ্জ, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার মামলায় হরকাতুল জিহাদ আল ইসলামী'র (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নানকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। রোববার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) ইউসুফ আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদ করতে সাতদিন সিআইডি হেফাজতে রাখার জন্য নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আরিফুর রহমানের আদালতে গত সপ্তাহে আবেদন করা হয়। সোমবার মুফতি হান্নানকে আদালতে হাজির করা হতে পারে। এ জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এএসপি ইউসুফ জানান। ২০০১ সালের ১৬ জুন রাত পৌনে ৯টায় শহরের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। হতাহতদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। এ ঘটনায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৪ জন নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন। তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি আমিনুল ইসলাম ঘটনায় জড়িতদের চিহ্নিত না করতে পেরে বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের জুন মাসে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহে মামলাটি আবার তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়। আদালতের অনুমতি সাপেক্ষে তিনি মামলাটি আবার তদন্তে তিনি দায়িত্ব পান বলে জানিয়েছেন এএসপি ইউসুফ আলী। তিনি বলেন, চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয় ও রমনার বটমূলে বোমা এবং বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা বলে তারা মনে করেন। সিআইডি কর্মকর্তা জানান, ক্রসফায়ারে নিহত নারায়ণগঞ্জের যুবদল ক্যাডার মমিন উল্লাহ ডেভিডের ছোট ভাই শাহাদাৎ উল্লাহ জুয়েলকে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে সিআইডি। জুয়েল চাষাড়ায় বোমা হামলার ঘটনায় খোকন সাহার করা মামলারও আসামি ছিলেন। এছাড়া ২০০৬ সালে দিল্লি পুলিশের হাতে ধরা পড়া হুজি জঙ্গি দুই ভাই মুরছালিন ও মুত্তাকিন চাষাড়া আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার দায় স্বীকার করেছেন বলে সেখানকার পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তাই সিআইডি হুজি নেতা মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। এএসপি ইউসুফ আলী মনে করেন, মুফতি হান্নানের কাছ থেকে চাষাড়ার হামলা সংক্রান্ত গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.