ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক উপদেষ্টা এম এ মতিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নথিপত্র দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানো হচ্ছে জানিয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, এক সপ্তাহের মধ্যে মামলা হতে পারে।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি একথা বলেন।
শাজাহান খান বলেন, "এম এ মতিনের বিরুদ্ধে মামলা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। সম্ভব হলে দু'একদিনের মধ্যেই তা পাঠানো হবে।"
রোববার নৌ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকের পর তিনি একথা বলেন।
বৈঠকে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মতিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে উপ-কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়।
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার কাজ বরাদ্দে অনিয়মের অভিযোগে মতিনের বিরুদ্ধে দুদকের মাধ্যমে মামলা করতে সংসদীয় উপ-কমিটি গত ৩০ জুলাই নৌ পরিবহন মন্ত্রণালয়কে সুপারিশ করে। একইদিন তারা তাদের প্রতিবেদন জমা দেয়।
এছাড়া সাবেক নৌসচিব শেখ মোতাহার হোসেনসহ আটজনের বিরুদ্ধে মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করে কমিটি।
তবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মতিন তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
মতিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার কাজ বরাদ্দে অনিয়ম তদন্তে গত ২৭ মে এ উপ-কমিটি গঠন করে সংসদীয় কমিটি।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার দায়িত্ব অনিয়মের মাধ্যমে এছাক ব্রাদার্সকে দেওয়া হয়।
সংসদীয় কমিটি বলছে, উপ-কমিটি সাবেক উপদেষ্টা মতিন, সাবেক নৌসচিব শেখ মোতাহার হোসেনসহ নয়জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রমাণ পেয়েছে।
কমিটি বলছে, এছাক ব্রাদার্সকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সরকারি নীতিমালা মানা হয়নি। নিয়ম অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সভাও ডাকা হয়নি।
মতিনের দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় উপ-কমিটি আত্মপক্ষ সমর্থনে তাকে ডাকেনি।
তাদের বক্তব্য, মতিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের প্রমাণসংবলিত পর্যাপ্ত নথিপত্র আছে। তাই আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে তলব করা হবে না।
সাবেক উপদেষ্টার মধ্যে মতিনই প্রথম যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমলে নেয় সংসদীয় কমিটি। তবে পরে আরেক সাবেক উপদেষ্টা মইনুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/আরএ/এমআই/১৬৩৭ ঘ.
bdnews24