সুনামগঞ্জ, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মনবেগ ও ছত্রিশনগর গ্রামবাসীর মধ্যে শনিবার সন্ধ্যায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রতন মিয়া (৩২), সাহাব উদ্দিন (৪২) ও সুজন মিয়া (৩০)।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনাবাদী জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সন্ধ্যা পৌনে সাতটায় সংঘর্ষের ঘটনা ঘটে। তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা শুনেছি। ঘটনার পর পর এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।"
তিনি জানান, আহত সগির আহমদ (৬২), লিটন মিয়া (২২) ও জেসমিন বেগমসহ (২০) অন্যদের বিশ্বম্ভরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৫ ঘ.
bdnews24