২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন বিষয়ক সফরে ঢাকা আসছেন দুই ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার এবং জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ড আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন। এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ঘুরে দেখতেই তাদের এ সফর। কোপেনহেগেন সম্মেলনকে সামনে রেখে তারা জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 08:03 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

সৈয়দ নাহাস পাশা , লন্ডন থেকে ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার এবং জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ড আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন। এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ঘুরে দেখতেই তাদের এ সফর। কোপেনহেগেন সম্মেলনকে সামনে রেখে তারা জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে নতুন একটি চুক্তি করতে চলতি বছরের ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার প্রভাব ঠেকাতে কি করা হচ্ছে তা দেখতে দুই ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশের কয়েকটি চর সফর করবেন। তারা বাংলাদেশ সরকারের জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচকদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া ব্রিটিশ কাউন্সিলের জলবায়ু পরিবর্তন বিষয়ক চ্যাম্পিয়ন কর্মসূচিরও উদ্বোধন করবেন তারা। এ সফরের আগে ডগলাস আলেক্সজান্ডার লন্ডনে এক বিবৃতিতে বলেন, "কোপেনহেগেন সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি নায্য ও টেকসই চুক্তিতে পৌঁছানো খুবই জরুরি। দেশগুলোর এমন একটি চুক্তিতে স্বাক্ষর করা প্রয়োজন যা এ পৃথিবীকে আর বিপন্ন না করে বৈশ্বিক সমৃদ্ধিকে উৎসাহিত করে।" তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ সামনের কাতারে রয়েছে এবং এর প্রভাব মোকাবেলায় এখানে ইতিমধ্যে চমৎকার পদক্ষেপ নেওয়া হয়েছে।" মিলিব্যান্ড বলেন, "ব্রিটেনের মানুষ যাদের পরিবার ভারত বা বাংলাদেশে বসবাস করে তারা বন্যা ও খরার ভয়াবহ পরিণতির বিষয়টি ইতিমধ্যেই ভালো করে জানে। কিন্তু তারা এটাও জানে যে অনিয়ন্ত্রিত জলবায়ু পরিবর্তন এটাকে আরো খারাপ করে তুলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/০০২০ঘ.