গাজীপুর, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার দুপুরে বাস চাপায় দুই মটারসাইকেল আরোহীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার শৈলডুবি গ্রামের কামাল হোসেন (২২), একই গ্রামের মতলব মিয়া (২৩) এবং আনুমানিক ১২ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক কিশোর।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, দুপুর ১২টার দিকে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে গাজীপুর যাওয়ার পথে মৌচাক এলাকায় জনতা ব্যাংকের সামনে একটি মটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরকে চাপা দিলে সেও মারা যায়।
মটরসাইকেল আরোহী দু'জনের লাশ আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা কিশোরের লাশ গাজীপুর সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24