২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীরা দেশ ও ইসলামের শত্রু : আইজিপি

সন্ত্রাসীদের দেশ ও ইসলামের শত্রু হিসেবে অভিহিত করে তাদের দমনে সব পুলিশ সদস্যকে কাজ করার আহবান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 11:16 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের দেশ ও ইসলামের শত্রু হিসেবে অভিহিত করে তাদের দমনে সব পুলিশ সদস্যকে কাজ করার আহবান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় মসজিদে বার্ষিক আজান ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ আহবান জানান। নূর মোহাম্মদ বলেন, "সন্ত্রাসীরা দেশের শত্রু "; ইসলামের শত্রু। সন্ত্রাস দমনে আমাদের এক হয়ে কাজ করা চাই। দেশের স্বার্থে, জনগণের কল্যাণে সন্ত্রাস নির্মূল করতেই হবে।" পরে আইজিপি আজান ও কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আজানে ২১, কিরাতে ২২ ও 'সন্ত্রাস দমনে ইসলামের ভূমিকা' শীর্ষক রচনায় ১০ জন অংশ নেন। এর মধ্যে আজানে রাজশাহীর নায়েক মো. আনোয়ারুল ইসলাম প্রথম, খুলনার কনস্টেবল মো. আকরামুজ্জামান দ্বিতীয় ও বরিশালের নায়েক মো. রহুল আমীন তৃতীয় হয়েছেন। কিরাতে খুলনার কনস্টেবল মো. আকরামুজ্জামান প্রথম, পুলিশ একাডেমির মো. আবদুল আউয়াল দ্বিতীয় ও কনস্টেবল মো. আরিফুর রহমান তৃতীয় হন। রচনায় সিলেটের নায়েক মো. রাকিব খান প্রথম, কনস্টেবল মো. মির্জা ওয়াসিম দ্বিতীয় ও ঢাকার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান তৃতীয় স্থান অধিকার করেন। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক, ডিআইজি (অর্থ ও উন্নয়ন) এবং প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি মইনুর রহমান চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসএইচ/১৭২৮ ঘ.