২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা এবার ছিনতাইকারীর ভূমিকায়

শিক্ষকের ওপর হামলা করায় বহিষ্কৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে এবার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

চট্টগ্রাম, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকের ওপর হামলা করায় বহিষ্কৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে এবার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের চবি শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল এবং সহ-সম্পাদক একেএম সোহেলের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। দুজনের বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে তারা ক্যাম্পাসের দুটি কটেজের কয়েকজন শিক্ষার্থীর মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে। ছাত্রলীগের এ দুই নেতাকে মঙ্গলবার চবি কর্র্তৃপক্ষ বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছিল। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান জানান, ছিনতাইয়ের অভিযোগে তাদের ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা ইসমাইল বলেন, "বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত এ দুই ছাত্রলীগ নেতা বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বর সংলগ্ন আসমা কটেজ ও হিটলার প্যালেস নামের দুটি কটেজে গণছিনতাই করেছে বলে অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ১৩ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। ছিনতাইয়ের অভিযোগের বিষয়ে সোহেল ও জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এজে/এমআই/১৯২০ ঘ.