২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাল উদ্দিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিন হত্যা ও অপহরণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি শাহজাহান ওরফে শাহজাহান ড্রাইভারকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 12:30 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

চট্টগ্রাম, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিন হত্যা ও অপহরণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি শাহজাহান ওরফে শাহজাহান ড্রাইভারকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের দুর্গম ফকিরের টিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানিয়েছে, জামাল উদ্দিন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত কাশেম চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কাশেম বাহিনীর অন্যতম সদস্য শাহজাহান। তিনি কাশেমের গাড়ির চালক হিসেবে কাজ করত এবং বিভিন্ন অপহৃত ব্যক্তিকে গুপ্ত স্থানে নিয়ে যেত। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর সহায়তায় শাহজাহানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শাহজাহান প্রায় দুই সপ্তাহ আগে সে বিদেশ থেকে দেশে ফিরে। দুবাইয়ে অবস্থানরত কাশেম চেয়ারম্যানের নির্দেশে তার বাহিনীকে পুর্নগঠন করার জন্য সে দেশে ফিরেছে বলে ওই র‌্যাব কর্মকর্তা জানান। তিনি বলেন, "শাহজাহানের কাছে কাশেম বাহিনীর বিপুল অস্ত্র রয়েছে। সেগুলো উদ্ধারে অভিযান চালানো হবে।" বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গা র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে গ্রেপ্তারকৃত শাহজাহান দাবি করেন, জামাল উদ্দিন হত্যা মামলার সঙ্গে তিনি জড়িত নন। শাজহান বলেন, তিনি ফটিকছড়ি এলাকায় অটো রিকশা চালাতেন। কাশেম চেয়ারম্যান প্রায়ই তার গাড়িতে উঠতেন। শাহজাহান দাবি করেন, ছয় বছর পর তিনি ওমান থেকে দেশে ফিরেছেন। ২০০৩ সালের ২৪ জুলাই জামাল উদ্দিন আহম্মদ চৌধুরী নগরীর বহদ্দারহাট থেকে অপহৃত হন। প্রায় দুই বছর পর কাশেম চেয়ারম্যানের সহযোগী ও অপহরণ দলের সদস্য কালা মাহবুবের দেওয়া তথ্য অনুযায়ী জামাল উদ্দিনের কঙ্কাল ফটিকছড়ির দইজ্জ্যাখালি পাহাড় থেকে উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এ অপহরণ ও হত্যা মামলায় বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের ছোট ভাই মারুফ নিজামসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা হয়। পরে ২০০৬ সালের ১০ জুলাই সিআইডি মারুফ নিজামকে বাদ দিয়ে কাশেম চেয়ারম্যানসহ ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। র‌্যাব কর্মকর্তা মিজানুর জানান, অভিযোগভুক্ত আসামিদের মধ্যে বর্তমানে আটজন কারাগারে রয়েছেন। কাশেম চেয়ারম্যানসহ অন্য আসামিদের বেশিরভাগ দেশের বাইরে পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এমআই/১৮৪৪ ঘ.