ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের সম্মতি ছাড়াই দুই বিচারককে অবসরে পাঠানোর বিষয়ের ব্যাখ্যা জানতে প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, আইন সচিব কাজী হাবিবুল আওয়াল ও সংস্থাপন সচিব ইকবাল মাহমুদকে তলবের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।
এদিকে এ কমিটি বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে সংসদ প্রাঙ্গণে স্থাপিত বিশেষ আদালতের বিচারকদের একটি তালিকাও মন্ত্রণালয়ের কাছে চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বৃহস্পতিবার কমিটির বৈঠকের পর এ তথ্য জানান।
সুরঞ্জিত সাংবাদিকদের বলেন, আইনমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রীর অগোচরেই বিচারকদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়।
এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিব্রত করা হয়েছে বলে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত মন্তব্য করেন।
গত ৩০ জুলাই সরকারের এক আদেশে জনপ্রশাসনে 'সদাচরণ এবং শৃংঙ্খলা বজায় রাখতে' ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর এবং গাজীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহজাহানকে অবসরে পাঠানো হয়।
তারা দুজন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব।
এ নিয়ে সমালোচনার মুখে কয়েকদিন পরই সরকারের সে আদেশ প্রত্যাহার করা হয়।
সুরঞ্জিত বলেন, "এ সংক্রান্ত যে নথিপত্র আমরা (সংসদীয় কমিটি) পেয়েছি, তাতে দেখা গেছে দুই বিচারককে অবসরে পাঠানোয় ফাইলে আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর স্বাক্ষর ছিল না।
"উপদেষ্টা (ইমাম) নিজে ফাইল তৈরি করেন। এতে আইন ও সংস্থাপন সচিব সম্পৃক্ত ছিলেন।"
তিনি বলেন, "তাদের কাছে জানতে চাওয়া হবে, তারা সংবিধান অনুযায়ী এ কাজ করতে পারেন কি না। এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া হয়েছিল কি না।"
সুরঞ্জিত জানান, প্রথমে আগামী ৯ সেপ্টেম্বর আইন সচিবকে ডেকে বিষয়টি ব্যাখ্যা চাইবে সংসদীয় কমিটি।
তবে সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকার আমলের বিশেষ আদালতের বিচারকদের তালিকা কেন চাইবে তা বলা হয়নি।
বৃহস্পতিবারের সভায় কমিটি সরকারি আইনজীবীদের কার্যক্রম উন্নয়নের সুপারিশ প্রণয়নে আওয়ামী লীগের সাংসদ রহমত আলীকে প্রধান করে একটি উপ-কমিটি গঠন করেছে।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, জিয়াউল হক মৃধা এবং নূরুল ইসলাম সুজন এ কমিটির অপর তিন সদস্য।
সভায় আইনমন্ত্রী শফিক আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এমআই/এসকে/২১৩৩ঘ.
bdnews24