ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এডওয়ার্ড কেনেডির স্মরণে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস একটি শোক বই খুলছে।
আগামী রোববার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত এই শোক বইতে স্বাক্ষর করা যাবে।
বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর এডওয়ার্ড ক্যান্সারে ভুগে মঙ্গলবার রাতে ম্যাসাচুসেটসে নিজের বাড়িতে মারা যান।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিলেন এই মার্কিনি। তিনি টেড কেনেডি নামেই পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শোক প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক শোকবার্তায় বলেন, সিনেটর এডওয়ার্ড এম কেনেডি গণতন্ত্রের জন্য সব সময় কাজ করে গেছেন।
তার মৃত্যুতে আমেরিকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের যবনিকাপাত হলো বলে মন্তব্য করেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৭১৯ ঘ.
bdnews24