সিলেট, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর জেলরোডের গাউছিয়া সুপার মার্কেট নামের একটি স্থাপনা বুধবার দুপুরে অপসারণ করেছে সিটি কর্পোরেশন।
সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান জানান, অনুমোদন ছাড়া গড়ে ওঠা গাউছিয়া সুপার মার্কেটটি অপসারণের জন্য গত ২০ আগস্ট সিটি কর্পোরেশন বিজ্ঞপ্তি দেয়। কিন্তু স্থাপনা সরিয়ে না নেওয়ায় তা অপসারণ করে মালামাল মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।
সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, নগরীতে অনুমোদনহীন সকল অবৈধ স্থাপনা অপসারণের জন্য ইতোমধ্যে কর্পোরেশন থেকে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা এসব অবৈধ স্থাপনা গুটিয়ে না নিলে অপসারণ করা হবে।
প্রকৌশলী নূর আজিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, সহকারী প্রকৌশলী শামসুল হক, উপ-সহকারী প্রকৌশলী মুজিবুর রহমানসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24