২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে স্যুয়েটার তৈরির কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

সাভারের মধ্য গাজিরচট এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 'কোল্ড এশিয়া সুয়ের্টাস লিমিটেড' নামের স্যুয়েটার তৈরির কারখানায় মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

সাভার, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের মধ্য গাজিরচট এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 'কোল্ড এশিয়া সুয়ের্টাস লিমিটেড' নামের স্যুয়েটার তৈরির কারখানায় মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড হয়। কোল্ড এশিয়া স্যুয়ের্টাস লিমিটেড'র ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার শিপমেন্ট থাকায় গভীর রাত পর্যন্ত কারখানায় কাজ চলে। শ্রমিকরা চলে যাওয়ার পর রাত ৪টার দিকে কারখানার স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাভার, ডিইপিজেড ও টঙ্গি দমকল বাহিনীর ছয়টি ইউনিট এসে একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কোনো শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ কোটি টাকা বলে তিনি দাবি করেন। ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) দমকল স্টেশন অফিসার অপূর্ব বলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে না বলে তিনি জানান। আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, ওই সময় কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৩ ঘ.