ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারে মঙ্গলবার রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
একই রাতে খুলনায় নিহত হয়েছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) এক আঞ্চলিক নেতা।
ঢাকায় নিহত অখিল (২৫) ও নয়ন (২২) স্থানীয় গাংচিল বাহিনীর সদস্য বলে র্যাব জানায়। খুলনায় নিহত 'চরমপন্থী' নেতার নাম রাহাত ওরফে নিপু ওরফে জিয়া (৩২)।
র্যাব-৪ এর এক কর্মকর্তা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দেওয়ানবাড়ি এলাকার আবু জাহিদের ইটভাটায় অভিযানে গেলে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।
১৫ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে অখিল ও নয়নকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে র্যাব জানায়। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, দুজনই মারা গেছেন।
সন্ত্রাসীদের গুলিতে র্যাবের সৈনিক মিজানুদ্দিন আহত হয়েছেন বলে র্যাবের দাবি।
'ক্রসফায়ারে' দুজনের মৃত্যুর কথা স্বীকার করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নাসিরুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, আট রাউন্ড গুলি, একটি রামদা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব।"
এই নিয়ে গত কয়েক মাসে রাজধানী এবং সংলগ্ন এলাকায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ১৪ জন নিহত হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খুলনা প্রতিনিধি জানান, 'চরমপন্থী' নেতা রাহাত রাত আড়াইটার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দেয়াড়া গ্রামে 'ক্রসফায়ারে' নিহত হয়।
খুলনার পুলিশ সুপার (এসপি) মো. শামসুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চরমপন্থীদের বৈঠকের খখবর পেয়ে পুলিশের একটি দল দেয়াড়া গ্রামে অভিযান চালায়।
তিনি বলেন, "স্থানীয় অগ্রদূত স্কুলের কাছে পুলিশকে লক্ষ করে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রাহাতকে পাওয়া যায়।
"তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা শামসুদ্দীন জানান।
রাহাত দেয়াড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ৬টি মামলা এবং অসংখ্য জিডি রয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩২২ ঘ.
bdnews24