ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার সম্পর্কে এমিকাস কিউরিয়াদের মতামতের দ্বিতীয় দিনে বিপরীত মত পাওয়া গেছে।
প্রজ্ঞাপন জারি করে বিদ্রোহী বিডিআর সদস্যদের বিচার সেনা আইনে করা সম্ভব বলে বুধবার মত দিয়েছেন এমিকাস কিউরিয়া খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, রফিক উল হক ও আমীর উল ইসলাম।
রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের শুনানিতে মাহবুবউদ্দিন বলেন, সরকার প্রজ্ঞাপন জারি করে বিদ্রোহী জওয়ানদের বিচার সেনা আইনে করতে পারে।
তিনি বলেন, "বিডিআর সুশৃঙ্খল বাহিনীর আওতায় পড়ে না, তারা আর্মি আইনের আওতায়ও পড়ে না। তবে প্রজ্ঞাপন দিয়ে তাদেরকে সেনা আইনের অধীনে আনা যায়।"
এক্ষেত্রে সরকারকে দুটি প্রজ্ঞাপন জারি করতে হবে বলে তিনি জানান। একটির মাধ্যমে বিদ্রোহীদের বিচার প্রক্রিয়া সেনা আইনে আনতে হবে। অপরটির মাধ্যমে তাদের ওপর বিডিআর আইনের কার্যকারিতা স্থগিত করতে হবে।
তবে তবে এক্ষেত্রে সংবিধানের ৩৫ অনুচ্ছেদ বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন মাহবুবউদ্দিন।
"কারণ ওই অনুচ্ছেদে বলা আছে, অপরাধ সংঘটিত হওয়ার ঘটনার দিন যে আইন কার্যকর ছিল, সে আইনেই অভিযুক্তদের বিচার হবে", বলেন তিনি।
এর আগে অপর এমিকাস কিউরিয়া রফিক উল হক বলেন, "প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে বিচার করা সম্ভব।"
এর পক্ষে যুক্ত তুলে ধরে তিনি বলেন, "বিডিআরের মহাপরিচালক সেনাবাহিনী থেকে আসেন, বিডিআরের মধ্য থেকে নয়। বিডিআর সদস্যরা মহাপরিচালকের অধীন। মহাপরিচালক আবার সেনা আইনের অধীনে। তাই বিদ্রোহীদের বিচার সেনা আইনে করা যায়।"
তবে সেনা আইনে বিচার করতে সরকারকে প্রজ্ঞাপন জারি করতে হবে বলে জানান তিনি।
আপিল বিভাগের মতামতের বিষয়ে ব্যারিস্টার হক বলেন, "১১ জন বিচারপতি যে মতামত দেবেন, তা নিু আদালত মানতে বাধ্য। তবে উচ্চ আদালতের ৫/৬ জন বিচারপতির বেঞ্চ চাইলে তা উপেক্ষাও করতে পারেন। তবে ১১ বিচারপতি যে সিদ্ধান্ত দেবেন, তা উপেক্ষা করা উচিত হবে না।"
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ১১ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে বুধবার সকাল পৌনে ১০টার দিকে শুনানি শুরু হয়।
খন্দকার মাহবুবউদ্দিন আহমাদের শুনানি শেষ হবার পর এমিকাস কিউরিয়া ব্যারিস্টার আমীর উল ইসলাম শুনানি শুরু করে বলেন, "বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করা হয়েছে। সেনা কর্মকর্তাদের ছেলেমেয়েরা পিতা হত্যার বিচার চায়।"
ব্যারিস্টার আমীর আরও বলেন, "এ পর্যন্ত একুশটি বিদ্রোহ দেখেছি। এসবের বিচারও হয়েছে সেনা আইনে। অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু সত্য উদ্ঘাটিত হয়নি। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার পেছনের সত্য উদ্ঘাটিত হয়নি। বিদ্রোহের বিচার মূল কথা নয়। সুষ্ঠু বিচার না হলে এ ধরণের প্রশ্ন থেকে যাবে।"
বিচার অনেকভাবে করা সম্ভব-এ অভিমত দিয়ে তিনি বলেন, "সাধারণ দায়রা আদালতে দণ্ডবিধির আওতায় ও সেনা আইনে বিচার করা যায়। সংসদ কোন আইনের ভূতাপেক্ষ (পেছনের তারিখে) কার্যকারিতা দিতে পারে।"
ব্যারিস্টার আমীর বৃহস্পতিবার তার অসমাপ্ত বক্তব্য আদালতে পেশ করবেন।
বিডিআর রেফারেন্সের ওপর দশ এমিকাস কিউরিয়ার মধ্যে তিন জন বক্তব্য শেষ করেছেন। আমীর উল ইসলাম ছাড়া আর ছয়জন এখনও বক্তব্য দেননি।
এ শুনানিতে আদালতকে সহায়তার জন্য আপিল বিভাগ গত ১৯ আগস্ট ১০ সিনিয়র আইনজীবীকে এমিকাস কিউরিয়া নিয়োগ করে।
অপর এমিকাস কিউরিয়ারা হলেন- কামাল হোসেন, আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ১৭ আগস্ট বিডিআর রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান।
বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা রেফারেন্সে সে ব্যাপারে আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছে। আরো জানতে চাওয়া হয়েছে যদি সেনা আইনে না করা যায়, সেক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জড়িতদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা।
গত ২৭ জুলাই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়।
গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৩০০ ঘ.
bdnews24