২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজলাসে আসামিকে পেটালেন মামলার তদন্ত কর্মকর্তা

বিচার চলার সময় এজলাসে এক অভিযুক্তকে বেদম মারধোর করেছেন মামলাটির তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর হাকিম রোকসানা বেগম হ্যাপীর এজলাসে এ ঘটনায় বিচারকাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী আমিনুল গনি টিটো হাকিম শামীমা পারভীনের কাছে ঘটনার বর্ণনা দিয়ে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার চলার সময় এজলাসে এক অভিযুক্তকে বেদম মারধোর করেছেন মামলাটির তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর হাকিম রোকসানা বেগম হ্যাপীর এজলাসে এ ঘটনায় বিচারকাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, খিলগাঁও থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন মামলার ভিকটিম তামান্না রহমানের জবানবন্দি গ্রহণ করাতে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রুহুল আমিন আদালতে আসেন। এ সময় জবানবন্দি গ্রহণ ও মামলা পরিচালনার দায়িত্বে থাকা হাকিম শামীমা পারভীন তার খাস কামরায় বসা ছিলেন। এজলাস কক্ষের স্বল্পতার কারণে ওই এজলাসে বসে তখন অন্য মামলার শুনানি করছিলেন হাকিম রোখসানা বেগম হ্যাপী। তামান্নার স্বামী জামিনে থাকা অভিযুক্ত রিজভী হোসেন রাজীব হাকিমের সামনে স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু মামলার তদন্ত পর্যায়ে ভিকটিমের সঙ্গে কথা বলা আইনসম্মত নয় এ কারণ দেখিয়ে তদন্ত কর্মকর্তা রুহুল আমিন বাধা দেন। একপর্যায়ে রিজভীকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন তিনি। এ ঘটনার পর অভিযুক্তের আইনজীবী মাহবুব হোসেন রানা এবং ভিকটিমের আইনজীবী মোহাম্মদ শহীদুল ইসলাম জুয়েল প্রতিবাদ জানান। পরে আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী আমিনুল গনি টিটো হাকিম শামীমা পারভীনের কাছে ঘটনার বর্ণনা দিয়ে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। হাকিম শামীমা পারভীন ঘটনার সময় এজলাসে উপস্থিত কয়েকজন পুলিশ সদস্য এবং আদালত কর্মচারীদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। বুধবার আইনজীবীদের আবেদনের ব্যাপারে আদেশের জন্য দিন ধার্য করেছেন তিনি। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি শুধুমাত্র তামান্নার সঙ্গে রিজভী হোসেন রাজীবের কথা-বার্তায় বাধা দিয়েছিলাম। তাকে কোনপ্রকার মারধর করিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২৩২৫ঘ.