গাইবান্ধা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় নদ-নদীর পানি কমতে শুরু করলেও সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ এখনও পানিবন্দি হয়ে আছে।
তবে মঙ্গলবার সাঘাটা, ফুলছড়ি, সদর, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত ছিল।
গোবিন্দগঞ্জ-বটতলা-গুমানীগঞ্জ সড়কে শাহপাড়া খলসী সেতু ভেঙে যাওয়ায় গোবিন্দগঞ্জ উপজেলা সদরের সঙ্গে পাঁচটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ ছাড়া বগুড়া-গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট-দিনাজপুর সড়কের কামারপাড়া থেকে কাঁইয়াগঞ্জ পর্যন্ত তিন কিলোমিটার অংশ পানির নিচে ডুবে থাকায় মঙ্গলবারও যানবাহন চলাচল বন্ধ ছিল।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘটসহ সব নদ-নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে নামলেও করতোয়ার পানি বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে।
গোবিন্দগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন জানান, বন্যায় এ পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ২৫ হাজার লোক পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহেদ জনান, উপজেলার ৭টি ইউনিয়নের ২৩টি গ্রামের ৩ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। ৫৫৭টি পরিবারের আংশিক ও ৭টি পরিবারের সম্পূর্ণ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ৭ কিলোমিটার কাঁচা সড়ক ভেঙে গেছে। ৩৫টি পুকুরের মাছ ভেসে গেছে।
এ ছাড়া উপজেলায় জয়েনপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রসুলপুর হাইস্কুল, রসুলপুর ইসলামিয়া মাদ্রাসা, তরফকামাল সিনিয়র মাদ্রাসা ও জুনিদপুর দাখিল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24