ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--হাইকোর্ট সালিশে বিচার বহির্ভূত শাস্তি যেমন প্রহার, দোররা মারা ইত্যাদির জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, সব ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে নির্দেশ দিয়েছে।
সেইসঙ্গে এ ধরনের শাস্তির শিকার ব্যক্তির নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছে।
ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যানসহ যে কোনো ব্যক্তি কাউকে বিচার বহির্ভূতভাবে শাস্তি দেওয়ার ঘটনার তদন্ত করতেও আদালত নির্দেশ দিয়েছে।
আদালতের এই আদেশ দেশের সব ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে জানাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।
বিচার ও আইন বহির্ভূত শাস্তি প্রতিরোধে ব্যর্থতাকে কেন অবৈধ ও মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে আদালত সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুলনিশি জারি করেছে।
আদালত আরও জানতে চেয়েছে, বিচার ও আইন বহির্ভূত শাস্তি প্রতিরোধে কেন নীতিমালা, নির্দেশনা অথবা আদেশ জারি ও প্রনয়ণ এবং সেগুলো বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার করতে সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে না।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, ব্র্যাক ও নিজেরা করি-এই পাঁচটি মানবাধিকার ও উন্নয়ন সংস্থার দায়ের করা একটি জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনে বিচার ও আইন বহির্ভূত শাস্তি রোধে জরুরি নিবারণমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়।
ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক-আল-জলিল।
আবেদনকারীদের আইনজীবীরা শুনানিতে বলেন, সরকার বিচার বহির্ভূত শাস্তিরোধ এবং এ বিষয়ে তথ্য জনগণকে জানাতে ব্যর্থ হয়েছে। এ ধরনের শাস্তি অসাংবিধানিক এবং মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। এছাড়া নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি থেকে মুক্ত থাকার অধিকারের পরিপন্থীও এ ধরনের বিচার বহির্ভূত শাস্তি।
তারা শুনানিতে আরও বলেন, দেশের এক শ্রেণীর মানুষ এখনো সালিশের নামে পেটানো ও চাবুক মারার মতো শাস্তি দিয়ে চলেছে।
আবেদনকারীদের কৌসুলিরা আদালতে গ্রাম্য সালিশে চাবুক ও বেত মারার মতো বিচার বহির্ভূত শাস্তির কিছু প্রতিবেদন আদালতে উপস্থাপন করে বলেন, অনেকক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বারের উপস্থিতিতেই এ ধরনের শাস্তি দেওয়া হয়ে থাকে।
রিট আবেদনে চলতি বছরের জুনের তিনটি ঘটনা উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে-হবিগঞ্জের নবীগঞ্জে একজন চেয়ারম্যানের উপস্থিতিতে গ্রামের মুরব্বীদের সালিশে একজন মহিলা ও একজন পুরুষকে একশ' একবার দোররা মারার ঘটনা। এছাড়া শ্রীমঙ্গলে এক মহিলা অন্য স
bdnews24