নীলফামারী, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর জলঢাকা উপজেলার হলদিবাড়ি এলাকায় তিস্তা নদীর ডানতীর বাঁধ মঙ্গলবার আরও ভেঙেছে। গত দুদিনে ধসে যাওয়া প্রায় দেড় কিলোমিটার অংশ দিয়ে তিস্তার পানি ঢুকে তিনটি ইউনিয়নের ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের এক হাজারের বেশি পরিবার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
এর আগে উপজেলার এ তিন ইউনিয়ন গোলমুণ্ডা, ডাউয়াবাড়ি ও শৌলমারীর ১৫টি গ্রাম প্লাবিত হয়।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী ধীরেন্দ্র নাথ রায় জানান, নদীর পানি না কমলে বিধ্বস্ত বাঁধটি মেরামত করা সম্ভব হবে না। তবে নতুন করে যাতে বাঁধ না ভাঙে সে ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোমিনুর রহমান জানান, তার ইউনিয়নের হলদিবাড়ি, বাঁধের পাড়, কবির পাড়া, সিলিয়ারের পাড়া, নজর পাড়া, নোহালের পাড়া, এলারের পাড়া, দোকানীটারী ও বাউরারা পাড়া গ্রামের ঘরবাড়িতে এখনও হাঁটু পানি জমে আছে।
ডাউয়াবাড়ির চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন এবং শৌলমারীর চেয়ারম্যান অমল চন্দ্র রায়ও বলেন, বহু গ্রাম পানিতে তলিয়ে আছে।
এর মধ্যে রয়েছে-ডাউয়াবাড়ি ইউনিয়নের ডাউয়াবাড়ি, লাল জুম্মারপাড়, হাজি পাড়া, পাঠান পাড়া, সর্দার পাড়া, স্কুল পাড়া, গোয়াল পাড়া, মাঝা পাড়া, নালারপুর পাড়া, সলেমানের পাড়া, পুচুর পাড়া ও নছিমুদ্দীন পাড়া এবং শৌলমারী ইউনিয়নের গোপালঝাড়, পুর্ব গোপালঝাড়, মাঝাপাড়া, মসজিদ পাড়া ও জুম্মাপাড়া।
ওই তিন ইউনিয়নের দুই হাজার পরিবার পানিবন্দি হয়েছে। এর মধ্যে এক হাজারের বেশি পরিবার ঘরবাড়ি ছেড়ে ডাউয়াবাড়ি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, লাল জুম্মাপাড়া মাঠ, নালার পাড় মাদ্রাসা ও ডানতীর বাঁধের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
তিন ইউনিয়নে ৩ শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। প্রায় ১৫ হাজার একর জমির রোপা আমন ক্ষেত তলিয়ে গেছে বলে চেয়ারম্যানরা জানান।
জেলা প্রশাসক ফরহাদ হোসেন বলেন, মঙ্গলবার গোলমুণ্ডা, ডাউয়াবাড়ি ও শৌলমারী ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫২ ঘ.
bdnews24