নারায়ণগঞ্জ, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলে মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে ১৫ পুলিশ সদস্যসহ ৭০ জন আহত হয়েছেন। বকেয়া বেতনের দাবিতে অটো টেক্সটাইল লিমিটেড নামের রপ্তানিমুখী একটি পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
একই সময়ে ফতুল্লার কাঠেরপুল এলাকায় তিনটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে কারখানার ভেতরেই বিক্ষোভ প্রদর্শন করে এবং মালিক কর্মকর্তাদের ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
এ দুটি ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা অন্তত ১০টি রপ্তানিমুখী পোশাক কারখানায় হামলা এবং ভাঙচুর চালায়।
শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপে ফতুল্লা শিল্পাঞ্চলের বটতলা, রেললাইন, লালপুর, লামাপাড়া, কোতালের বাগ, রামার বাগ এলাকা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টা ছিল রণক্ষেত্র।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার সাংবাদিকদের জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ ও ছয় রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করতে হয়েছে।
অটো টেক্সটাইল লিমিটেডের সুইং শাখার শ্রমিক আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুই মাস যাবত নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লালপুর এলাকায় অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানাটির সাতশ' শ্রমিক বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলন করে আসছেন।
শ্রমিকদের অভিযোগ, অটো টেক্্রটাইলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই আমেরিকা চলে গেছেন। কারখানাটি ঢাকা ব্যাংক নারায়ণগঞ্জ শাখার নিকট দায়বদ্ধ। ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির দেনা ২৫ কোটি টাকা। কিন্তু দেনার বিপরীতে প্রতিষ্ঠানের সম্পদের মূল্য অনেক কম।
তারা জানান, বিকেএমএইএ ও পুলিশের মধ্যস্থাতায় ঢাকা ব্যাংক শ্রমিকদের পাওনা ৫৬ লাখ টাকা পরিশোধে সম্মত হয়। মঙ্গলবার শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের কথা ছিল।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, বকেয়া বেতন-ভাতা না দেওয়ায় তারা উত্তেজিত হয়ে উঠে। তারা কারখানার দরজা জানালা ও ফটক ভাঙচুর করে। এক পর্যায়ে ৪/৫ শ' শ্রমিক পার্শ্ববর্তী আমিন ডাইং, ফতুল্লা ফেব্রিকস, সানডে ডাইং, রনি গার্মেন্টসসহ ৬টি গার্মেন্টসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সেখান থেকে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ১১টায় পুলিশ কুতুব আইল এলাকায় পেছন দিক থেকে শ্রমিকদের উপর লাঠির্চাজ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। বিক্ষুদ্ধ শ্রমিকরা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এতে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দুপুর দেড়টায় ফতুল্লার বটতলা রেললাইন এলাকায় শ্রমিকরা ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী ট্রেন থামিয়ে দেওয়ার চেষ্টা করে। অনেক শ্রমিক এ সময় রেললাইনে শুয়ে পড়ে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য বেধড়ক লাঠিচার্জ শুরু করে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো পাথর ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়তে থাকে।
শ্রমিক-পুলিশ সংঘর্ষ এক পর্যায়ে লামা পাড়া, লালপুর, রামারবাগ, কোতালের বাগ এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। আশপাশের গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে যোগ দিলে তাদের শক্তি বৃদ্ধি হয়। শত শত শ্রমিক পুলিশকে ঘিরে ফেলে। অনেক পুলিশ সদস্য আত্মরক্ষার্থে আশেপাশের দোকান, বাড়ি-ঘরের ভেতর আশ্রয় নেয়।
দুপুর পৌনে ২টায় জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহমেদ পলাশ শ্রমিকদের শান্ত হওয়ার আহবান জানান। এ সময় শ্রমিকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে।
দুপুর ২টায় শ্রমিকরা লালপুর এলাকায় অটো টেক্্রটাইল এলাকায় সমবেত হয়ে আবারও বিক্ষোভ করে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকা ব্যাংকের টাকা দেওয়ার কথা থাকলেও মঙ্গলবার ব্যাংকের কর্মকর্তারা জানান বকেয়া বেতন ভাতার পরিমাণ ৫৬ লাখ টাকা। এই টাকা দিতে হলে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন প্রয়োজন। এ জন্য এ দিন টাকা পরিশোধ তাদের পক্ষে সম্ভব নয়।
বকেয়া বেতন ভাতা না পেয়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে বলে তিনি জানান।
এদিকে, ফতুল্লা শিল্পাঞ্চলের কাঠেরপুল এলাকায় পোশাক শিল্প প্রতিষ্ঠান মাইক্রো ফাইবার লিমিটেড, লিবার্টি নিটওয়্যার লিমিটেড ও মিডল্যান্ড নিটওয়্যার লিমিটেডের সাড়ে ৪ হাজার শ্রমিক ওভারটাইমের মজুরি প্রদান ও ছাঁটাই করা পাঁচ শ্রমিককে পুর্নবহালের দাবিতে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে।
একই শিল্প গোষ্ঠির অন্তর্ভুক্ত এ তিনটি গার্মেন্টসের বিক্ষুদ্ধ শ্রমিকরা যাতে বাইরে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে যোগ দিতে না পারে সে জন্য পুলিশ তাদের ঘিরে রাখে। শ্রমিকরা ভেতরে বিক্ষোভ প্রদর্শন ও কারখানা তিনটি ভাঙচুর করে। তারা মালিক ও উর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে এবং অনেককেই লাঞ্চিত করে।
দুপুর ৩টায় মালিক পক্ষ শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বসে।
কারখানা তিনটির ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান সাংবাদিকদের বলেন, "অহেতুক নানা রকম ইস্যু তুলে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে। এরকম অবস্থায় গার্মেন্টস চালু রাখা কঠিন হয়ে পড়েছে।"
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেমএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, "ঢাকা ব্যাংকের দ্বিধাগ্রস্ত ভূমিকা ও একজন শ্রমিক নেতার উস্কানিতে এ ঘটনা ঘটেছে।"
তিনি পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, "আমরা ঢাকা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগামী দু'দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করছি।"
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, সংঘর্ষে কমপক্ষে ১৫ পুলিশ সদস্যসহ ৭০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত পুলিশ সদস্যের মধ্যে আছেন- ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মীর আবু তৌহিদ, হাবিলদার আমিনুল, নায়েক মতিন, কনস্টেবল রুবেল, শাহজাহান।
গার্মেন্টস শ্রমিকদের মধ্যে যারা আহত হয়েছেন তারা হলেন- হালিমা, মোস্তফা, আফিয়া, বাদল, সোহান, নজরুল, রুবেল (১), রুবেল (২), মানিক, হাসান, আরিফ, পঙ্কজ, আলম, লোকমান, কাঞ্চন, শহিদুল, কায়সার, আফসার, ফাহিম, ফরহাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিনিধি/এমএসবি/২০৪১ ঘ.
bdnews24