বাগেরহাট, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খালের বাঁধ অপসারণ এবং পুলিশের হাতে আটক দুই ব্যক্তির মুক্তির দাবিতে বাগেরহাটের দুটি উপজেলার কয়েকটি গ্রামের মানুষ মঙ্গলবার সকালে বাগেরবাগেরহাট-খুলনা সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে।
বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে সড়কের অন্তত তিনটি স্থানে লোকজন গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে করে দেয়। এতে ওই রুটের যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।
দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনের কাছ থেকে খালের বাঁধ অপসারণ ও পুলিশের হাতে আটক যুবকদের তিনদিনের মধ্যে নি:শর্ত মুক্তির আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়।
এলাকা ঘুরে জানা যায়, সোমবার সন্ধ্যায় ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকায় প্রবাহমান স্বনির্ভর খালে মোড়ল সিরাজুল ইসলাম ও শফিকুল ইসলাম নামে প্রভাবশালী দুই ব্যক্তির দেওয়া বাঁধ অপসারণ করতে গেলে পুলিশ পিলজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ শেখ (৩৫) ও রব্বান শেখকে (২৮) গ্রেপ্তার করে।
এর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ও খানপুর এবং ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের সহস্রাধিক নারী পুরুষ সিএণ্ডবি বাজার এলাকায় সমবেত হয়।
সকাল সাড়ে ৯টার দিকে তারা লাঠিসোটা নিয়ে সিএণ্ডবি বাজার, মহাদেবের মোড় ও মাথাভাঙ্গা মোড়ে গাছের গুঁড়ি ফেলে বাগেরহাট-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
অবরোধে অংশ নেওয়া রাখালগাছি গ্রামের অঞ্জন কুমার ভট্টাচার্য, বালিয়াডাঙ্গা গ্রামের আল আমিন শেখ ও পলাশ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রবাহমান স্বনির্ভর খালে বাঁধ দিয়ে এলাকার একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। এর ফলে সদর উপজেলার যাত্রাপুর, ষাটগম্বুজ, রাখালগাছি, খানপুর, ফকিরহাট উপজেলার পিলজংগ ও বেতাগা ইউনিয়নের বিশাল একটি এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এসব এলাকায় চাষাবাদ বন্ধ হয়ে গেছে, মানুষের বাড়ির উঠানে পানি আটকে আছে।
তারা অভিযোগ করেন, এলাকাবাসী নিরূপায় হয়ে ঐক্যবদ্ধভাবে সোমবার বিকেলে খালের বাঁধ কাটতে গেলে কাঠালতলা এলাকা থেকে প্রভাবশালীদের ইঙ্গিতে পুলিশ আলতাফ ও রব্বানকে গ্রেপ্তার করে।
বাঁধ কাটা আন্দোলনের অন্যতম নেতা এবং সুগন্ধী গ্রামের বাসিন্দা শেখ আবু শামীম আছনু জানান, যৌখালি থেকে কাটাখাল পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ প্রবাহমান এ খালটির দশ বারোটি স্থানে বাঁধ দিয়ে সিরাজ মোড়ল ও শফিকের নেতৃত্বে মাছ চাষ করা হচ্ছে। এর ফলে এলাকার কুড়িটি গ্রামের দুই লক্ষাধিক মানুষ জলাবদ্ধতায় শিকার হয়েছে।
আছনু জানান, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত এবং ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিঞার কাছ থেকে তিনদিনের মধ্যে বাঁধ অপসারণ ও আটক দুজনের মুক্তির আশ্বাস পাওয়ার পর তারা অবরোধ তুলে নেন।
খান মুজিবর রহমান, রামপ্রসাদ ভক্ত ও সালাহউদ্দিন মিঞা তিনদিনের মধ্যে খাল সংক্রান্ত সমস্যা সমাধানে তাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার কথা স্বীকার করেছেন।
স্বনির্ভর খালে বাঁধ দিয়ে মাছ চাষ করা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ থেকে খাল ইজারা নিয়ে সেখানে মাছ চাষ করছেন। সোমবার বিকালে কয়েকশ' মানুষ একত্রিত হয়ে কয়েকটি স্থানে খালের বাঁধ ও পাটা সরিয়ে দেয় এবং কিছু মাছ ধরে নিয়ে যায়।
এ ঘটনায় তিনি ৩০-৩৫ জনের নাম উল্লেখ করে ফকিরহাট থানায় একটি মামলা করেছেন বলে শফিকুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৩ ঘ.
bdnews24