কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদেরকে হত্যার হুমকি দিয়ে মোবাইলে একটি এসএমএস পাঠানো হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই এসএমএসটি আসে।
জিএম কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তিনি ঘটনা জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য তার ব্যক্তিগত সচিবকে বলেছেন।
মন্ত্রীর ব্যক্তিগত সচিব আবু তৈয়ব বেলা ৪টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি জিডি করার জন্য থানায় যাচ্ছি।"
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাদেরকে ইংরেজিতে পাঠানো ওই এসএমএসে বলা হয়, "সময় ও নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না। তবে একজন আপনার জন্য অপেক্ষা করছে। আপনি জানেন, সে কে? সে হল আজরাইল।
"সে আসবে এবং আপনার জান কবজ করবে। সুতরাং সাবধান থাকবেন। এটা চূড়ান্ত সময়।"
গ্রামীণফোনের একটি নম্বর থেকে এসএমএসটি পাঠানো হয়েছে।
জিএম কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদের ছোট ভাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৬৪৭ ঘ.
bdnews24