মাগুরা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলার হরিশপুর এলাকায় সোমবার রাতে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
পুলিশের ভাষ্য, নিহত তবিবুর রহমান তোতা (৪০) সর্বহারা দলের আঞ্চলিক কমান্ডার এবং তোতা বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে পুলিশের অস্ত্রলুট, হত্যা ও চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে।
শালিখা থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তোতা তার বাহিনীর লোকজন নিয়ে হরিশপুরের একটি পাট ক্ষেতে বৈঠক করছেন- এ খবর পেয়ে র্যাব এবং শালিখা পুলিশের একটি দল রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায়।
র্যাব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। র্যাব ও পুলিশ পাল্টা গুলি করে। এতে তোতা ঘটনাস্থলে মারা যান। তিনি উপজেলার কাদিরপাড়া গ্রামের আব্দুল জব্বার মোল্লার ছেলে।
এসআই মোফাজ্জেল জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, তোতার বিরুদ্ধে শালিখা, যশোরের বাঘারপাড়াসহ বিভিন্ন থানায় খুন ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে। তিনি যশোরের চাড়াপিটা এলাকায় পুলিশের রাইফেল ছিনতাই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩৫ ঘ.
bdnews24