২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরায় আবার আগুন

বসুন্ধরা সিটির আট তলায় সোমবার গভীর রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত ১২ টার দিকে আট তলার ফুডকোর্টের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। গত মার্চ মাসেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ভবনটিতে আবার আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতেও সেখানে ভিড় জমে যায়। (আরও তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 06:06 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা আগষ্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা সিটির আট তলায় সোমবার গভীর রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত ১২ টার দিকে আট তলার ফুডকোর্টের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। গত মার্চ মাসেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ভবনটিতে আবার আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতেও সেখানে ভিড় জমে যায়। বসুন্ধার উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) মোহাম্মদ গাজী রহমান রাত পৌনে একটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছি।" প্রকৌশলী জানান, রাত ১২টা নাগাদ আট তলার ফুডকোর্টে 'ট্যাকো বেল' নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তেলের একটি কুকার অতিরিক্ত গরম হয়ে এ আগুন লাগে। তিনি বলেন, আগুনের অস্তিত্ব বুঝতে পেরে বসুন্ধরার নিজস্ব অগ্নিনির্বাপণ কর্মীরা ওই দোকানটির তালা ভেঙে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। তবে এতে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। এছাড়া অন্যকোন দোকানে আগুন ছড়িয়ে পড়েনি। এর আগে গত ১৩ মার্চ বসুন্ধরা শপিং কমপেক্সের ১৮ তলায় ভয়াবহ আগুন লাগার পর কয়েকটি তলা পুড়ে যায়। ওই ঘটনায় নিজস্ব অগ্নিনির্বাপণ কর্মীসহ ৭ জন কর্মচারি প্রাণ হারান। দমকল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে রাত একটায় গণমাধ্যম কর্মীদের বলেন, "আট তলার একটি দোকানে আগুন লাগার খবর পেয়ে আমরা এসেছি। আগুন পুরোপুরি নেভানো হয়েছে। কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি তা আমরা খতিয়ে দেখছি।" দমকল বাহিনী সদর দপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) মেজর মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১ টা ৫৩ মিনিটে তারা প্রথম আগুন লাগার খবর পাওয়া মাত্রই একযোগে কয়েকটি দল ঘটনাস্থলে রওনা হয়। বসুন্ধরা সিটি শপিং মল মালিক সমিতির সভাপতি এমএ হান্নান বলেন, একটি দোকানে আগুন লাগলেও তা নেভানো হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। মঙ্গলবার থেকে মার্কেট যথারীতি খোলা থাকবে। এর আগে দমকল বাহিনী সদর দপ্তরের মোহাম্মদ আঞ্জুমান রাত সোয়া ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে সদর দপ্তরসহ কয়েকটি ইউনিট থেকে ঘটনাস্থলে গাড়ি পাঠানো হয়েছে। তারা কাজ শুরু করেছে। " তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পরপরই বসুন্ধরা সিটির সামনে পান্থপথ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কৌতুহলী অনেক মানুষ ভবনের সামনে ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়। পান্থপথে ঢোকার মুখে যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/ডিডি/এসকে/০১৩৮ঘ.