২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে নিজ বাড়ি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

রাজধানীর সূত্রাপুরে আফরোজা বেগম (৫০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। কবি নজরুল কলেজের পেছনে বৃদ্ধার নিজ বাসা থেকে সোমবার ওই লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 03:51 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে আফরোজা বেগম (৫০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। কবি নজরুল কলেজের পেছনে বৃদ্ধার নিজ বাসা থেকে সোমবার ওই লাশ উদ্ধার করা হয়। সূত্রাপুর অঞ্চল পুলিশের সহকারী কমিশনার মনিরুজ্জামান টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে সোমবার বিকেলে পুলিশ কবি নজরুল কলেজের পেছনে ২৬/১ আবদুর রউফ রোড, রোকনপুরের বাড়ির দোতলার শয়নকক্ষ থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে।" বৈদ্যুতিক তার পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা জানান, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে এটা ঘটতে পারে। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মো. আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দোতলার শয়নকক্ষের বিছানায় ম্যাক্সি পরিহিত অবস্থায় ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘরটির দরজা খোলা ছিল।" রোববার বিকাল বা সন্ধ্যার পরে কোন একসময়ে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে তার ধারণা। মো. আশিক জানান, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে আফরোজা একাই প্রায় এক কাঠা আয়তনের এই দোতলা বাড়িটিতে থাকতেন। মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়ালে সোমবার বিকালে তার প্রতিবেশিরা পুলিশকে খবর দেয়। বাড়িটির নিচতলা গুদাম হিসেবে ভাড়া দেওয়া রয়েছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) সদস্যরা ঘটনাস্থল থেকে অপরাধের আলামত সংগ্রহ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এএল/এসএইচ/২২০৪ ঘ.