২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষানীতি প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে, ২ সেপ্টেম্বর পেশ

প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী ও মাধ্যমিক শিক্ষাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার সুপারিশ রেখেই জাতীয় শিক্ষানীতি-২০০৯ চূড়ান্ত করা হচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে এটি পেশ করবে শিক্ষানীতি প্রণয়ণ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী ও মাধ্যমিক শিক্ষাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার সুপারিশ রেখেই জাতীয় শিক্ষানীতি-২০০৯ চূড়ান্ত করা হচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে এটি পেশ করবে শিক্ষানীতি প্রণয়ণ কমিটি। কমিটির কো-চেয়ারম্যান ড.কাজী খলীকুজ্জমান আহমদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষানীতি এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী ২ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর কাছে এটি জমা দেওয়া হবে।" চূড়ান্ত শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক শিক্ষাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার সুপারিশের সত্যতা স্বীকার করে তিনি বলেন, "বিষয়টি চুড়ান্ত সুপারিশে রাখা হয়েছে।" শিক্ষানীতির খসড়াতেও প্রাথমিক স্তরকে ধাপে ধাপে আট বছর মেয়াদী করার সুপারিশ করা হয়। অর্থাৎ প্রাথমিক শিক্ষা হবে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এতে প্রাথমিক শিক্ষার মেয়াদের বিষয়ে বলা হয়েছে, এর মেয়াদ ক্রমান্বয়ে বাড়িয়ে ২০১২ সালের মধ্যে ছয় বছর, ২০১৫ সালের মধ্যে সাত বছর এবং ২০১৮ সালের মধ্যে আট বছর করা হবে। আট বছর করার অর্থ হলো বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত থাকা প্রাথমিক শিক্ষা স্তর হবে অষ্টম শ্রেণী পর্যন্ত। খসড়ায় মাধ্যমিক শিক্ষা স্তরকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে। এসব বিষয় নিয়ে গত ১২ থেকে ১৭ জুলাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ছয় পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় । বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত শিক্ষানীতির আলোকে একটি 'যুগোপযোগী' শিক্ষানীতি তৈরি করতে গত ৮ এপ্রিল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষানীতি প্রণয়ন কমিটি ঘোষণা করেন। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটিতে লেখক ও শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদসহ ১৬ জন সদস্য রয়েছেন। পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আর আই এম আমিনুর রশিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ড. শাহীন কবীরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। কমিটিকে প্রথম বৈঠকের ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে প্রথম বৈঠকই হয় কমিটি গঠনের ২৫ দিন পর গত ৩ মে। এ হিসেবে ৩ আগস্ট কমিটির প্রতিবেদন জমা দেওয়ার থাকলেও তার একদিন আগে এক মাসের সময় চান তারা। বর্ধিত সময় অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসএইচ/১৮২৯ ঘ.