২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কারামুক্তি দিবস উপলক্ষ্যে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস ১১ সেপ্টেম্বর পালনে দুদিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই সঙ্গে দলের যুগ্ম মহাসচিব তারেক রহমানের জামিনে মুক্তি দিবস ৩ সেপ্টেম্বর পালনেও কর্মসূচি নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 10:10 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস ১১ সেপ্টেম্বর পালনে দুদিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই সঙ্গে দলের যুগ্ম মহাসচিব তারেক রহমানের জামিনে মুক্তি দিবস ৩ সেপ্টেম্বর পালনেও কর্মসূচি নেওয়া হয়েছে। সোমবার দলের এক যৌথ সভার পর যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, "এই দিবস দুটি পালনের মাধ্যমে ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র ও গণতন্ত্রকে ধ্বংস করার বিষয়টি দেশের মানুষের কাছে আমরা তুলে ধরব।'' অপর এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন,'' তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আছেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি দলীয় কর্ম থেকে অবসরে রয়েছেন, রাজনীতি থেকে নয়।'' ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ৩ সেপ্টেম্বর সকালে রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ, ছাত্র দলের শোভাযাত্রা ও আলোচনা সভা এবং ১০ সেপ্টেম্বর রাজধানীতে শোভাযাত্রা, ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ, ওই দিন জুম্মার নামাজের পর মসজিদে- মসজিদে দোয়া মাহফিল, মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনা এবং বিকেলে আলোচনা সভা। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া সংসদ ভবনের বিশেষ কারাগার থেকে মুক্তি পান। ওই সরকারের আমলেই ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর যৌথবাহিনী তাঁকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে গ্রেপ্তার করে। একইসঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও গ্রেপ্তার করা হয়। গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে বিশেষ কারাগারে পাঠানো হয়েছিল। যৌথবাহিনী ২০০৭ সালের ৭ মার্চ রাতে তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের বাসা থেকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তারেককে চিকিৎসার জন্য সুপ্রিম কোর্ট জামিনে মুক্তির নির্দেশ দেয়। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এই যৌথ সভাটি অনুষ্ঠিত হয়। এতে খালেদা জিয়ার কারামুক্তি দিবস ও তারেক রহমানের জামিনে মুক্তি দিবসটি সারা দেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে পোস্টার, লিফলেট, ব্যানার তৈরিরও সিদ্ধান্ত হয়। এসময় দলের সহসভাপতি এম কে আনোয়ারসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। যৌথ সভায় দিবস দুটি পালনে গয়েশ্বর চন্দ্র রায়কে আহবায়ক ও রিজভী আহমেদকে সদস্য সচিব করে একটি জাতীয় উদযাপন কমিটিও গঠন করা হয়। সভার পর গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, এই কর্মসূচির বাইরে দলের সবগুলো সহযোগী সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে। সংবাদ ব্রিফিং-এ অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুব দলের সভাপতি বরকত উল্লাহ বুলু, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাবউদ্দিন, সাবেক ছাত্র নেতা হাবিব-উন নবী খান সোহেল, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম, জাসাস-এর এম এ মালেক, উলামা দলের হাফেজ আবদুল মালেক, নেসারুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৬১৭ ঘ.