বান্দরবান, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের লামা উপজেলার দুর্গম লংপাইংদং এলাকায় দুই আদিবাসী তরুণীকে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন- লাংলাই ম্রো (২১) ও প্লাইতং ম্রো (২৪)। এদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রোববার রাতে লামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবে তাদের হত্যা করা হয়েছে সেটা জানা যায়নি। কে বা কারা কেন তাদের হত্যা করেছে তদন্ত দল ফিরে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।
ওসি জানান, খবর পাওয়ার পর উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। এলাকাটি লামা সদর থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পূর্বদিকে। দুর্গম এলাকা হওয়ায় এবং বৃষ্টিপাতের কারণে রোববার রাত ১০টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে তিনি জানান।
তিনি জানান, সকাল ছাড়া সেখানে পৌঁছানো সম্ভব নয়। লাশ সকালে উদ্ধার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫১ ঘ.
bdnews24