২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পাঁচ ইউনিয়নে বন্যা, নদী ভাঙন

রাজবাড়ির গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার পানি বাড়ায় ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলার ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 11:33 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ফরিদপুর, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ির গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার পানি বাড়ায় ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলার ৫টি ইউনিয়নের নিুাঞ্চল প্লাবিত হয়েছে। রোববার সকালে চর ভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজারের কাছে পদ্মার তীর সংরক্ষণ বাঁধের আরও ১০ মিটার অংশ ভেঙে গেছে। আগের দিন একই স্থানে বাঁধের ৪০ মিটার অংশ ভেঙে যায়। এছাড়া উপজেলার বন্যা কবলিত চরঝাউকান্দা ইউনিয়নে পদ্মায় ভাঙন দেখা দিয়েছে। রোববার ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রফিকউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মায় পানি বাড়ার কারণে ফরিদপুর সদরের আলিয়াবাদ, চরমাধবদিয়া ও ডিক্রিচর এবং চরভদ্রাসনের চরহাজীগঞ্জ ও চরঝাউকান্দা ইউনিয়নের নিুাঞ্চল প্লাবিত হয়েছে। আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য মো. আক্তার-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়নের গদাধরডাঙ্গী সাদীপুর ও ভাজনডাঙ্গী এলাকার পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। স্কুলে পানি ঢুকে পড়ায় পূর্বচর টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গদাধরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের ওপর বসে পরীক্ষা দিচ্ছে বলে তিনি জানান। চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, তার ইউনিয়নের প্রায় পাঁচশ' পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুজ্জামান জানান, ওই এলাকার প্রায় একশ' একর জমির ফসল তলিয়ে গেছে। রোববার সকাল ১০ থেকে ১১ টার মধ্যে চরভদ্রাসনের চরহাজীগঞ্জ বাজারের কাছে পদ্মার তীররক্ষা বাঁধের ১০ মিটার অংশ ধসে গেছে। পাউবোর উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, ভাঙনস্থলে কংক্রিটের ব্লক ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা জানান, তার এলাকার নিুাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এছাড়া হালিম ফকিরেরডাঙ্গী, মুন্সীডাঙ্গী, ধনাই মৃধারডাঙ্গী পূর্ব ও ধনাই মৃধারডাঙ্গী পশ্চিম গ্রামে পদ্মায় ভাঙন দেখা দিয়েছে। চেয়ারম্যান জানান, রোববার সকাল পর্যন্ত ৫০ একর ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। নিঃস্ব হয়ে গেছে অন্তত ২০টি পরিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৯ ঘ.