কক্সবাজার, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে শুক্রবার গভীর রাতে ডুবে যাওয়া একটি মাছধরা ট্রলারের নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও ৫ জেলে নিখোঁজ রয়েছেন।
শনিবার সকালে কক্সবাজার সৈকতের সী-গাল পয়েন্ট থেকে যুবায়েদ (২৩) নামের ওই জেলের লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কাশেম জানান, শহরের টেকপাড়া এলাকার মাহমুদুল হক বহদ্দারের মালিকাধীন একটি মাছধরা ট্রলার চারদিন আগে সাগরে মাছ ধরতে গিয়ে শুক্রবার রাত ৩টার দিকে নাজিরারটেক এলাকার কাছে ডুবে যায়। এতে ১৫ জন মাঝিমাল্লার মধ্যে ৯ জন সাঁতরে কূলে উঠে এলেও ৬ জন নিখোঁজ থাকেন। এদের মধ্যে যুবায়েরের লাশ উদ্ধার করা হয়।
যুবায়ের কক্সবাজার শহরের পাহাড়তলী জিয়ানগর এলাকার আবুল হোসেনের ছেলে।
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.
bdnews24