বরগুনা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবন থেকে শুক্রবার দুপুরে দুটি বন্দুক ও আট রাউন্ড গুলিসহ এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্ট গার্ড।
আটক দস্যুর নাম মৌজে আলী। তার বাড়ি রাগেরহাটের রায়েন্দা এলাকায়।
বঙ্গোসাগারে মাছ ধরার সময় অপহৃত বরগুনার ৭৮ জেলেকে উদ্ধারে কোস্ট গার্ডের ভোলা-বরগুনা জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মুশফিকুর রহমান, পাথরঘাটার চিফ পেটি অফিসার মিজানুর রহমান ও পেটি অফিসার ইয়াসিন আলীর নেতৃত্বে বাগেরহাটের শরণখোলা এলাকার সুন্দরবনে অভিযান চালানো হচ্ছে।
জলদস্যু জুলফিকার ও রাজু বাহিনী মঙ্গলবার ৪১ জেলেসহ বিভিন্ন সময় ৭৮ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে। দস্যুরা জেলেদের ছেড়ে দেওয়ার বিনিময়ে মুক্তিপণ দাবি করেছে।
পাথরঘাটা কোস্ট গার্ডের পেটি অফিসার ইয়াসিন আলী জানান, গ্রেপ্তারকৃত মৌজে আলীকে পাথরঘাটার কোস্ট গার্ডের দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত আছে। পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা ও মংলা কোস্টগার্ড সম্মিলিতভাবে বৃহস্পতিবার থেকে এ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
কোস্ট গার্ড জলদস্যুদের আস্তানা ঘেরাও করে রেখেছে বলেও পেটি অফিসার ইয়াসিন আলী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের শরণখোলার উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের অভিযান চলছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট লোকমান হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকা থেকে ১৩ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. এম সাইফুর রহমান জানান, তারা তিনদিন ধরে বাগেরহাটের উপকূলীয় এলাকায় অভিযান চালাচ্ছেন। শুক্রবার অস্ত্র ও গুলিসহ এক দস্যুকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩১ ঘ.
bdnews24