ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক সরকারের অধীনে পুলিশ প্রভাব এড়িয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে না এবং দায়িত্ব হিসেবে পুলিশকে নির্দেশ পালন করতে হয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ।
শুক্রবার নগরীর শেরাটন হোটেলে পুলিশ সংস্কার বিষয়ক জনমত জরিপের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, "পুলিশ একটি প্রশাসনের অংশ। সরকার কীভাবে ব্যবহার করে তার ওপরই নির্ভরশীল পুলিশের কার্যক্রম।"
বিচারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুলিশের দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) আওতায় গত ডিসেম্বর মাসে 'পাবলিক অ্যাটিচিউড ফলো-আপ সার্ভে' নামের ওই জরিপটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে নূর মোহাম্মদ আরও বলেন, "জরিপে অপরাধ পরিস্থিতির উন্নয়নের বিষয়টি উঠে এলেও আমরা এখনও নিরাপদ নই।"
জরিপে বলা হয়েছে, ২০০৫ সালে পিআরপি চালুর পর থেকে পুলিশের ওপর মানুষের আস্থা বেড়েছে। কমেছে অপরাধ সংঘটন, প্রভাব খাটানো ও ঘুষ নেওয়ার বিষয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগের হার।
দরিদ্র ও নিরাপত্তা ঝুঁকিতে থাকা লোকদের প্রয়োজনে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে সাহায্য করার লক্ষ্যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ ও ইউরোপিয়ান কমিশনের সহায়তায় পিআরপি কর্মসূচি চালু করেছে সরকার।
অনুষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক এসএম শাহজাহান বলেন, "পুলিশ সংস্কার কর্মসূচির সুপারিশ ও পদক্ষেপে প্রভাবমুক্ত হয়ে জনগণকে সাহায্য করার বিষয়টি নিশ্চিত করতে হবে।"
পুলিশ, প্রশাসন, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী মহলের স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরোধিতা সত্ত্বেও এ সংস্কার অব্যাহত রাখা উচিত বলে মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।
স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার জানান, প্রস্তাবিত বাংলাদেশ পুলিশ অধ্যাদেশের সংশোধিত খসড়া যাচাই-বাছাইয়ের কাজ চলছে এবং কিছু পরিবর্তনের পর তা অনুমোদিত হবে।
তিনি বলেন, "পিআরপির অধীনে গত কয়েক বছরে মডেল থানা ও কমিউনিটি পুলিশ ব্যবস্থা সফলভাবে চালুর মাধ্যমে পুলিশের কার্যক্রমের উন্নতি হয়েছে।"
অনুষ্ঠানে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফান প্রিসনার পুলিশ পরিচালনায় আধুনিক আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি সমাজ থেকে দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমের প্রশংসা করেন।
আগামী অক্টোবর মাসে পিআরপির দ্বিতীয় পর্বের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/বিডি/এজে/এসএইচ/১৯৫৫ ঘ.
bdnews24