২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে প্রভাবশালী ১০০ নারীর তালিকায় হাসিনা

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত ২০০৯ সালের এ তালিকার শীর্ষে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল। এ নিয়ে টানা চতুর্থ বারের মতো তালিকাটির শীর্ষে তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত ২০০৯ সালের এ তালিকার শীর্ষে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল। এ নিয়ে টানা চতুর্থ বারের মতো তালিকাটির শীর্ষে তিনি। তবে তালিকার শীর্ষ ৩০ জনের মধ্যে স্থান পাননি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৭৮-এ। ভারতের কংগ্রেস দলীয় সভানেত্রী সেদেশের রাজনীতির 'কিং মেকার' হিসেবে পরিচিত সোনিয়া গান্ধী রয়েছেন ১৩ নম্বরে। ২০০৫ সালে প্রথমবারের মতো জার্মানির নারী চ্যান্সেলর নির্বাচিত হন মারকেল। সেই থেকে ফোর্বসের প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ নারীর শীর্ষে রয়েছেন তিনি। এবারের তালিকার শীর্ষে থাকার জন্য মারকেলকে বিশাল জার্মান অর্থনীতির নেতা হিসেবে তার ভূমিকা এবং আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনে তার জয়ের সম্ভাবনার বিষয়ে গুরুত্বারোপ করেছে ফোর্বস। এছাড়া জার্মানির স্বাস্থ্য ও কর পদ্ধতি পুনর্গঠন এবং ইউরোপীয় ইউনিয়নের বাজেট নিয়ন্ত্রণে দৃঢ় অবস্থানের বিষয়েও তার ভূমিকার প্রশংসা করেছে পত্রিকাটি। তালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছেন নারী ব্যবসায়ীরা। হিলারি ক্লিনটন গতবারের তালিকায় ছিলেন ২৮ নম্বরে। লক্ষ্যণীয় বিষয়, বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী দেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও এবার তার অবস্থান হয়েছে ৩৬-এ। যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা এবারই প্রথমবারের মতো এ তালিকায় ঠাঁই পেয়েছেন। এতে তার অবস্থান ৪০ নম্বরে। এর দুই ধাপ পরে রয়েছেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় দুটি স্থানই যুক্তরাষ্ট্রের। ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন এর চেয়ারম্যান শীলা বেইর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছেন পেপসিকোর প্রধান নির্বাহী ইন্দ্রা নুয়ি। এরপরেই আছেন যুক্তরাজ্যের অ্যাংলো আমেরিকান এর প্রধান নির্বাহী সিনথিয়া ক্যারল। পঞ্চম স্থানে রয়েছেন সিঙ্গাপুরের তেমাসেক এর প্রধান নির্বাহী হু চিং। তালিকায় নারী প্রেসিডেন্টদের মধ্যে আর্জেন্টিনার ক্রিস্টিনা ফারনান্দেজ ১১, চিলির মিশেল ব্যাচেলেট ২২ এবং ফিলিপাইনের গ্লোরিয়া অ্যারোইয়ো ৪৪ নম্বরে রয়েছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কো রয়েছেন ৪৭ নম্বরে। ইয়াহু'র প্রধান নির্বাহী ক্যারোল বারৎজ তালিকার ১২ নম্বরে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মেলিন্ডা গেটস ৩৪ নম্বরে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান রয়েছেন ৩৮ নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এসকে/২১৪৩ঘ.