বাগেরহাট, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মংলা বন্দরের বিরাজমান সমস্যা দূর করার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, "পদ্মা সেতু বাস্তবায়ন হলে মংলা বন্দর দেশের সর্ববৃহৎ বন্দর হিসাবে পরিচিতি পাবে। তাই পদ্মা সেতু বাস্তবায়নের আগেই সব সমস্যা দূর করে বন্দরকে আরো গতিশীল করে তুলতে হবে। এ জন্য বন্দরের কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীদের আন্তরিক হতে হবে।"
বৃহস্পতিবার সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন মিলনায়তনে বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে উপস্থিত থাকা মংলা হারবার মাস্টার কমান্ডার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, "পদ্মা সেতু বাস্তবায়ন হলে বিদেশি বিনিয়োগকারীরা এ বন্দর ব্যবহারে বেশি আগ্রহী হবে। এ জন্য মংলা বন্দরকে সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটি নির্দেশনা দিয়েছেন। মংলা বন্দরকে আরও আধুনিক বন্দর হিসাবে গড়ে তুলতে ড্রেজার, কার্গোসহ বিভিন্ন সরঞ্জাম কেনা হবে।"
বন্দরকে আরও গতিশীল করতে প্রয়োজনে প্রতিমাসে একবার করে বন্দর পরিদর্শন করবেন বলেও মন্ত্রী জানান।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান মংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত একাধিক বৈঠক করেন।
বন্দরের কর্মকর্তা ছাড়াও বন্দর কর্তৃপক্ষের কর্মচারী ইউনিয়নের দুটি পক্ষ, মংলা বন্দর শ্রমিক সংঘ এবং মংলা বন্দর শিপিং কর্মচারী ইউনিয়নের সঙ্গেও বৈঠক করেন তিনি।
শ্রমিক সংঘ ও শিপিং কর্মচারী ইউনিয়নের নেতারা জানান, শ্রমিক কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেছেন, "শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি-দাওয়া ও নায্য পাওনা সরকার সময় মতো পরিশোধ করবে।"
তবে বন্দরের ভাবমূর্তি যেন বিনষ্ট না হয় এবং বিদেশি বিনিয়োগকারীরা যেন আগ্রহ না হারায় সেদিকে খেয়াল রাখার জন্য তিনি সব মহলের প্রতি আহবান জানান।
বৈঠকে সংশ্লিষ্ট শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাসুদ এলাহী, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যাণ্ডস এর রাষ্ট্রদূত অ্যালফোনস জে এ জে এম জি হেনিকেনস্ (Mr. Alphons J.A.J.M.G. Hennekens), খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৩ আসনের সাংসদ সৈয়দা হাবিবুন নাহার, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম ফারুক, বাগেরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আওলাদ আলী ফকির, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলওয়ার হায়দার, মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) এম এ মান্নান প্রমুখ।
পরে মন্ত্রী বন্দর কর্তপক্ষের জাহাজ এম এল ঝিনুকে করে পশুর চ্যানেল পরিদর্শন করেন। বিকেলে তার খুলনার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২২ ঘ.
bdnews24