২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই পোর্ট আমার, ওই পোর্ট তোমার বলে কিছু নেই : ফারুক খান

চট্টগ্রাম বন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়ার পক্ষে মত দিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বিশ্বায়নের এই যুগে এই পোর্ট আমার, ওই পোর্ট তোমার বলে কিছু নেই। সবার পোর্টই সবাই ব্যবহার করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়ার পক্ষে মত দিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বিশ্বায়নের এই যুগে এই পোর্ট আমার, ওই পোর্ট তোমার বলে কিছু নেই। সবার পোর্টই সবাই ব্যবহার করতে পারে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমেই ভারতকে ট্র্যানজিট দেওয়ার সমস্যার সমাধান সম্ভব। বৃহস্পতিবার আখাউড়া সীমান্তে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরায় প্রথম ইট রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধন করে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "ট্র্যানজিট নিয়ে কিছু সমস্যা আছে। কিন্তু সেটা এমন সমস্যা না যে তার জন্য ট্র্যানজিট দেওয়া যাবে না।" তিনি আরও বলেন, "নৌ পথে ভারতের ট্র্যানজিট আছে। এখন রেল পথের ট্র্যানজিট নিয়ে আমরা আলোচনা শুরু করতে পারি। সড়ক পথের যখন উন্নতি হবে তখন এটা নিয়ে আলোচনা করা যেতে পারে।" ট্র্যানজিটের পক্ষে নিজের মতামত তুলে ধরে ফারুক বলেন, "ত্রিপুরাতে কোন একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য বাংলাদেশের মধ্যে দিয়ে যদি ভারতের অন্য একটি রাজ্য থেকে জেনারেটর আনতে হয়, তাহলে এ বিষয়গুলো আলোচনার মাধ্যমে শেষ করা যেতে পারে।" চট্টগ্রাম বন্দর উত্তর-পূর্ব ভারতকে ব্যবহার করতে দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এই বন্দরকে আমরা আঞ্চলিক বন্দর হিসেবে ব্যবহার করতে চাই। চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি থাকলে ব্যবহার তা করতে দেয়ায় তো আপত্তি দেখি না।" ফারুক খান ভারতীয় এক সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, "আমার মনে হয়, সেই দিন খুব বেশি দূরে নয়, যেদিন চট্টগ্রামকে আপনাদেরও পোর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন।" এর আগে ইট রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "ভারতের সঙ্গে ব্যবসা ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা আছে, যেমন, অবকাঠামো, পণ্যের ওপর নন ট্যারিফ বাধা। এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে নেয়ার চেষ্টা করব।" অনুষ্ঠানে ত্রিপুরার বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী বলেন, "ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের শতাব্দী প্রাচীন সম্পর্ক রয়েছে। ইট রপ্তানির মাধ্যমে সেই সম্পর্ক আরও জোরদার হবে। তবে শুধু ব্যবসায়িক নয়, সামাজিক-সাংস্কৃতিক সম্পর্কও জোরদার করতে হবে।" বাংলাদেশে ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, "আমরা বছরে পাঁচ লাখ বাংলাদেশীকে ভিসা দেই। তবে ভিসা দিতে কিছু সমস্যা আছে। "ব্যবসায়ীরা যদি যথাযথ কাগজপত্রসহ আবেদন করেন, তবে তাদের ভিসা দিতে সমস্যা নেই।" তিনি আরও জানান, বাংলাদেশী ব্যবসায়ীদের তিন ও পাঁচ বছরের ভিসা দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। ইট রপ্তানির উদ্যোক্তা ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের পণ্য চলাচলের সুবিধার জন্য বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। এসব দাবির মধ্যে রয়েছে, আখাউড়া চেক পোস্টে কোন ব্যাংকের একটি শাখা খোলা, দিনে ১২ ঘন্টা ওই শাখার কার্যক্রম চালু রাখা, আখাউড়া সীমান্ত থেকে কুমিল্লা-সিলেট মহাসড়ক পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার উন্নয়ন করা। বাণিজ্যমন্ত্রী অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কিউএইচ/এসএইচ/এমআই/১৫৩৫ ঘ.