বাগেরহাট, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা বন্দরের চাকরিচ্যুত নৈমিত্তিক কর্মচারিদের লাগাতার অবস্থান কর্মসূচি বুধবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে।
ফের কল স্টেশনের মাধ্যমে বুকিং প্রথা চালু, বকেয়া পোশাক ভাতা, উৎসব বোনাস পরিশোধসহ পাঁচ দফা দাবিতে বন্দরের চাকরিচ্যুত কর্মচারিদের সংগঠন শিপিং কর্মচারি ইউনিয়ন গত সোমবার থেকে এ কর্মসুচি শুরু করে।
বুধবার সকাল ১১টায় মংলা বন্দর স্টিভেডরস অ্যাসোসিয়েশন ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম ফারুকের সঙ্গে অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক শেষে এ কর্মসূচি প্রত্যাহার করা হয়।
মংলা বন্দর শিপিং কর্মচারী ইউনিয়নের সভাপতি সামসুল আলম বিকেলে বলেন, "ফলপ্রসূ আলোচনা শেষে বুধবার সন্ধ্যা থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।"
চাকরিচ্যুত কর্মচারীদের পাঁচ দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
মংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) মাহাবুব উল্লাহ জানান, বুধবার সফল বৈঠক শেষে চাকরিচ্যুত নৈমিত্তিক কর্মচারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।
বৈঠকে চাকরিচ্যুত নৈমিত্তিক শ্রমিকদের দাবি-দাওয়া নিরসনে বন্দর চেয়ারম্যানকে প্রধান করে আট সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ঈদুল ফিতরের আগে কর্মচারীদের পাঁচ দফা দাবি পর্যালোচনা করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের উদ্যোগ নিবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
কমোডর এম ফারুকের সভাপতিত্বে বৈঠকে মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মাহাবুব উল্লাহ, সদস্য (ইএন্ডডি) শামীমা সুলতানা, মংলা বন্দর স্টিভেডরস অ্যাসোসিয়েশন সভাপতি হাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহম্মদ খোকন, মাস্টার স্টিভেডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ ও মংলা বন্দর শিপিং কর্মচারী ইউনিয়নের সভাপতি সামসুল আলম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/এইচএ/২২৪৫ ঘ.
bdnews24