ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে চাঁদাবাজদের দমনের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
তবে কমিটির মতে চাঁদাবাজিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ বলা হলেও এর মাত্রা আগের চেয়ে ছাড়িয়ে যায়নি।
বুধবার এক বৈঠকের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুল জলিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "চাঁদাবাজি একটি অব্যাহত প্রক্রিয়া, এটা সবসময়ই ছিলো। কিন্তু এটা আগের চেয়ে ছাড়িয়ে যায়নি।"
কমিটি চেয়ারম্যান বলেন, "আওয়ামী লীগ সরকার কোন ধরণের চাঁদাবাজি সহ্য করবে না।"
তিনি বলেন, "সরকারকে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে চাঁদাবাজদের দমন করতে হবে বলে কমিটি সুপারিশ করেছে। তারা আওয়ামী লীগ বা বিএনপি যে দলেরই হোক না কেন তা ব্যাপার না।"
সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিল গণমাধ্যম কর্মীদের আরো বলেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবির) নতুন নিয়োগ করা ডিলারদের হয়তো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে তারা ব্যবসায়ী।"
আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রির জন্য 'ব্যবসায়ীদের না, শুধুমাত্র আওয়ামী লীগ নেতাদেরই নিয়োগ করা হয়েছে' বলে বিরোধীদলের অভিযোগ উড়িয়ে দেন জলিল।
স্থানীয় বাজারে ব্যবসায়ী সিন্ডিকেটের সম্ভাব্য যে কোন ধরণের কারসাজি ঠেকাতে সরকার বুধবার থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু করেছে।
এ জন্য স্থানীয় প্রশাসন প্রত্যেকটি উপজেলায় একাধিক ডিলার নিয়োগ করেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, "তালিকাটি জেলা প্রশাসকের মাধ্যমে তৈরি করা হয়েছে। তাদের হয়তো রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু তাদের শুধুমাত্র রাজনৈতিক বিবেচনাতেই নিয়োগ করা হয়নি, তারা ব্যবসায়ী।"
জলিল বলেন, "সরকার শুধুমাত্র রমজানেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়টি নিশ্চিত করবে না, অবশ্যই এটা সরাবছরই করা হবে।"
বাজারের সিন্ডিকেট ভাঙা খুব কঠিন ব্যাপার এ মন্তব্য করে তিনি বলেন, "আমরা যা চাই তা সবসময় বাস্তবায়ন করতে পারি না।"
তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার অনেকাংশে সফল হয়েছে বলে দাবি করেন জলিল।
এদিকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, রমজান মাসে ভোগ্যপণ্যের দাম বাড়ার বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে তার মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে।
তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ার কারণেই দেশের বাজারে চিনির দাম বেড়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এসকে/২৩৫১ঘ.
bdnews24