২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: তিন হিযবুত তাহরীর সদস্যের জামিন

পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় লিফলেট বিলির সময় গ্রেপ্তার হিযবুত তাহরীর এর তিন সদস্যকে জামিন দিয়েছে আদালত। বুধবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ আলাদা দুটি মামলায় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় লিফলেট বিলির সময় গ্রেপ্তার হিযবুত তাহরীর এর তিন সদস্যকে জামিন দিয়েছে আদালত। বুধবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ আলাদা দুটি মামলায় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন। এরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার মোস্তফা ও রায়হান তাহের এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ছাত্র আহম্মেদ সাঈদ আরেফিন। গত ২ মার্চ সকালে দিলু রোডের ৩২ নম্বর বাড়ির সামনে 'বিডিআরকে ধ্বংস করার ভারতীয় ষড়যন্ত্র এবং সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ' শিরোনামে লিফলেট বিলির সময় শাহরিয়ার ও সৈয়দ ইমদাদুল হক সৈকত নামে দুই হিযবুত তাহরীর সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রথমে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হলেও উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সরকারের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে উপপরিদর্শক আমজাদ আলী খান গত ১২ মার্চ রমনা থানায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করেন। রায়হান তাহের ও আহম্মেদ সাঈদ আরেফিনকে একই অভিযোগে কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ১২ মার্চ ধানমণ্ডি থানার উপ পরিদর্শক মো. রিয়াজ উদ্দিন তাদের বিরুদ্ধে একই মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২১০০ ঘ.