২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় আত্মস্বীকৃত খুনী গ্র্রেপ্তার

নগরীতে বৃদ্ধাসহ দুইজনকে খুনের ঘটনায় সোলায়মান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বর্ণালংকারের লোভে সে বৃদ্ধা নুরজাহানকে হত্যা করেছে বলে গ্রেপ্তারকৃত সোলায়মান পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরিচয় জেনে যাওয়ায় শিশু পপিকেও সে জবাই করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 02:22 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, আগস্ট ১৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে বৃদ্ধাসহ দুইজনকে খুনের ঘটনায় সোলায়মান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বর্ণালংকারের লোভে সে বৃদ্ধা নুরজাহানকে হত্যা করেছে বলে গ্রেপ্তারকৃত সোলায়মান পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরিচয় জেনে যাওয়ায় শিশু পপিকেও সে জবাই করে। লাশ উদ্ধারের ৮ ঘন্টার মাথায় বুধবার ভোরে নগরীর ফয়েজ লেক লাগোয়া লেক ভিউ আবাসিক এলাকার একটি বাড়ি থেকে সোলায়মানকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। মঙ্গলবার রাত ১০ টার দিকে নগরীর পাথরঘাটা এলাকার নিজ বাড়ি থেকে বৃদ্ধা নুরজাহান ও বাসার শিশু গৃহকর্মী পপির জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। সোলায়মান লেক ভিউ হাউজিং এলাকা সংলগ্ন বৃদ্ধা নুরজাহানের ভাড়া ঘরে বসবাসকারী কয়েকটি পরিবারের শিশুদের আরবী পড়াতেন। সে সূত্রে বৃদ্ধার সঙ্গে তার পরিচয়। হত্যার ঘটনা বর্ণনা করে গ্রেপ্তারকৃত সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সে মঙ্গলবার বিকালে নুরজাহানের দাওয়াতে তার পাথরঘাটার বাসায় যায়। ভাত খাওয়ার পর বিকাল পাঁচটার দিকে রান্নাঘরে থাকা ছোরা দিয়ে বৃদ্ধাকে হত্যা করে তার হাতে থাকা সোনার বালা, চেইন ও একটি কানের দুল ছিনিয়ে নেয়। দীর্ঘ ১৩ বছর সৌদি আরবে থাকা সোলায়মান নয়মাস আগে দেশে এসে নগরীর লেক ভিউ আবাসিক এলাকায় শাহজাহান নামে এক ব্যক্তির বাসায় ভাড়া থাকত। তার বাড়ি কক্সবাজার জেলায়। সে সৌদি আরবের মক্কা নগরীর নাক্কাসায় একটি মাদ্রাসায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে বলে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছে। সোলায়মান আরও বলেছে, "নানীর গলায় (নুরজাহান) স্বর্ণালংকার দেখে নিজেকে সামলাতে পারিনি। রান্নাঘর থেকে ছোরা নিয়ে তাকে হত্যা করি।" কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাথরঘাটার বাসার দোতলার ভাড়াটিয়া এক মহিলা দুপুরে বৃদ্ধা নুরজাহানকে ভাড়া দিতে গেলে সোলায়মানকে তার বাসায় বসা অবস্থায় দেখতে পায়। পরে মহিলার বর্ণনার সূত্র ধরে লেক ভিউ এলাকার বাসা থেকে সোলায়মানকে গ্রেপ্তার করা হয়।" উপ-পরিদর্শক জানান, সোলায়মান খুব ঠাণ্ডা মাথায় দুইজনকে হত্যা করেছে। সে তাদের হত্যার পর ছুরিটি ধুয়ে আবার রান্নাঘরে রেখে দেয়। তিনি জানান, জিজ্ঞাসাবাদের পর সোলায়মান হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। এসময় তার বাসা থেকে ২ টি স্বর্ণের বালা, একটি চেইন, ১ টি কানের দুল, ১টি ব্রিফকেস উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত বৃদ্ধার নগরীর পাথরঘাটা ও লেক ভিউ আবাসিক এলাকায় দুটি বিল্ডিংসহ প্রায় কোটি টাকার মতো সম্পত্তি রয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ উপস্থিত সাংবাদিকদের বলেন, সম্পত্তির জের ধরে কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না তা আমরা খতিয়ে দেখছি। এসআই মোহসিন আরও জানান, সৌদি আরবে তার মাদ্রাসায় পড়ালেখার বিষয় এবং সে রোহিঙ্গা শরণার্থী কি না তা-ও খতিয়ে দেখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/এসকে/২০৩১ঘ.