সাতক্ষীরা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার সদর উপজেলায় বুধবার ভোররাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত লুৎফর রহমান গাজী চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে।
তার বাড়ি তালা উপজেলার খেসরা ইউনিয়নের শাহাপুর গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে ওই 'বন্দুকযুদ্ধ' হয়।
তিনি বলেন, "দলীয় লোকদের নিয়ে লুৎফরের বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ওই সময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়েেল পুলিশও পাল্টা গুলি চালায়।"
সংঘর্ষের এক পর্যায়ে লুৎফর গুলিবিদ্ধ হয় জানিয়ে কামরুজ্জামান বলেন, "তখন লুৎফরের সহযোগীরা পালিয়ে যায়। লুৎফরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।''
বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্যও আহত হন বলে ওসি জানান। তারা হলেন- উপ-পরিদর্শক (এসআই) এবাদ আলী, কনস্টেবল আওলাদ ও নজরুল ইসলাম।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, লুৎফর তালা উপজেলার বিএনপি নেতা আলতাফ হোসেন, মৎস্যজীবী দল সভাপতি মির্জা মাসুদ হোসেন জুয়েল হত্যা মামলা ছাড়াও কুলপোতা গ্রামের আবুবক্কর এবং আশাশুনি উপজেলার পুঁটিমারি গ্রামের সেদো হত্যা মামলার আসামি ছিলেন।
তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় দ্রুত বিচার আইনের ২টি মামলা এবং তালা, আশাশুনি ও খুলনার পাইকগাছা থানায় আরও বেশ কয়েকটি ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে।
লুৎফর গাজীর বিরুদ্ধেতালা ও আশাশুনির কয়েকটি বাওড় ও জলমহল দখলের অভিযোগ ছিল।
লুৎফর গাজীর নিহত হওয়ার খবর শুনে তালা, সাতক্ষীরা ও আশাশুনির শত শত মানুষ সাতক্ষীরা থানায় ভিড় করে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমইউএস/এমআই/১৩২০ ঘ.
bdnews24