ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকার ১৬ সাংসদ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।
বৈঠকে তিনি সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রীর মিন্টু রোডের সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়। রাত ১১ টায় বৈঠক শেষ হয়।
বৈঠক শেষে সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়ে সবার সঙ্গে কথা হয়েছে। সাংসদরা কীভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন ও করবেন এসব বিষয়ে কথা হয়েছে। এক্ষেত্রে জনগণের আরও সম্পৃক্ততার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। রমজান মাসে দুর্ভোগ কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা করেছি।"
তিনি বলেন, "টেন্ডারবাজ-চাঁদাবাজ যদি আমার ভাইও হয় তারপরও রক্ষা নেই। জীবনকে বাজী রেখে হলেও জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি সমূলে নির্মূল করতে চাই।"
বিগত সরকারের চেয়ে এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, "আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, এখন থেকে এক বা দু' মাস পরপর এ রকমের বৈঠক করবো। সেটা হলে চাঁদাবাজ টেন্ডারবাজ, ছিনতাইকারী ও সন্ত্রাসীদের তৎপরতা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবো।
"প্রায় দু' মাস ধরে আমি অসুস্থ। সরকারি কাজ বাসায় বসে করছি। এ কারণে বাসায়ই এ আলোচনা।"
বৈঠকে অংশ নেওয়া একাধিক সাংসদ নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজধানীতে চাঁদাবাজি, সন্ত্রাস ও যানজট সমস্যা কিভাবে নিরসন করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
কোনো কোনো সাংসদ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে বলেছেন, পুলিশ তাদের কথা শোনে না। কেউ কেউ তার নিজ এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে পুলিশের বাড়তি সহযোগিতাও চেয়েছেন।
বৈঠকে ঢাকার ১৬ সাংসদ ছাড়াও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, র্যাবের মহা-পরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার শহীদুল হক, সিআইডি প্রধান শাহ জামাল রাজ, পুলিশের বিশেষ শাখা (এসবি)'র প্রধান জাবেদ পাটোয়ারি, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) নববিক্রম কিশোর ত্রিপুরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএইচ/এইচএ/২৩৫৫ঘ.
bdnews24